রাস্তায় থুতু ফেললে ৫০০ টাকা জরিমানা, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম: রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে রাস্তায় থুতু ফেললে ৫০০ টাকা জরিমানা ধার্য করল রাজ্য সরকার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া পদক্ষেপ।

Share:

ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এবার থেকে রাস্তায় থুতু বা পানের পিক ফেললে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি এই কড়া বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং আইন ভাঙলে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হবে।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল উত্তরবঙ্গ সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিশদে জানান। তিনি বলেন, যেখানে সেখানে ময়লা, পানের পিক বা থুতু ফেলা যাবে না। এই ধরনের কাজ করলে জরিমানা দিতে হবে। পুরোনো সরকারের আমলেও এই নিয়ম ছিল, তবে নতুন সরকার তা আরও কড়াকড়িভাবে কার্যকর করতে চাইছে। পরিবেশ ও দৃশ্য দূষণ রোধ করাই সরকারের মূল লক্ষ্য। রাজ্যের নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং তাঁদের অভ্যাস শোধরাতে নগরোন্নয়ন দপ্তর তিন মাস সময় দিয়েছে। এই সময়ের মধ্যে মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে অবগত করা হবে। এরপর সেপ্টেম্বর মাস থেকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে রাজ্য সরকারের তরফে ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ কোথাও ময়লা পড়ে থাকতে দেখলে ছবি তুলে আপলোড করতে পারবেন। পুরসভা দ্রুত সেই জায়গা পরিষ্কার করবে এবং অভিযোগকারীকে অ্যাপের মাধ্যমে নিশ্চিত করা হবে। সরকারের এই পদক্ষেপ রাজ্যের শহরগুলিকে আরও পরিচ্ছন্ন করে তুলতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।