বিজয়া দশমীর আবহাওয়া; উমার বিদায়বেলায় কি ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি?

বিজয়া দশমীর দিনে কেমন থাকবে বাংলার আবহাওয়া? পুজোয় বৃষ্টি না হলেও, উমার বিদায়বেলায় বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের আশঙ্কার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Share:

ব্যুরো নিউজ, ২১ অক্টোবর ২০২৬: আজ বুধবার বিজয়া দশমীতে যখন কৈলাসে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত উমা, তখন আবার আবহাওয়া নিয়ে নতুন করে আশঙ্কার তৈরি হচ্ছে।

যদিও এবারের দুর্গাপুজোয় বাংলার মানুষকে তেমন একটা ঝড়-বৃষ্টির দুর্যোগ পোহাতে হয়নি, দ্বিতীয় সপ্তমী থেকে নবমী পর্যন্ত শুষ্ক ও মনোরম আবহাওয়াতেই কেটেছে পুজোর দিনগুলি। তবে উমার বিদায়বেলায় ফের আবহাওয়া নিয়ে নতুন আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।

বিজয়া দশমীর দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজ্যজুড়ে। হাওয়া অফিস সূত্রে খবর, দশমী পেরোতেই বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। অনুকূল পরিস্থিতি থাকলে এটি শক্তি বাড়িয়ে রবি ও সোমবারের মধ্যে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও এই নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা, বা এর সম্ভাব্য গতিপথ কী হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবুও, পুজোর রেশ কাটতে না কাটতেই রাজ্যের উপকূলবর্তী অঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের দুর্যোগের ভ্রুকুটি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণত অক্টোবর মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা দেখা যায়। তাই এই ঘূর্ণাবর্তের উপর নজর রাখছে আবহাওয়া দফতর। আপাতত বিজয়া দশমীর দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও, রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, একাদশীর পর থেকে পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।