উত্তুরে হাওয়ার প্রভাবে বাংলায় শীতের আমেজ তৈরি হয়েছে। সেই আমেজ এখনই স্থায়ী হবে কি না, তা নিয়ে অবশ্য কিছুটা সংশয় থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’দিনে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাপমাত্রা বাড়লে ডিসেম্বরের শুরুতে শীতের অনুভূতি কিছুটা কমে আসতে পারে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় শহরের তাপমাত্রা বেড়ে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ আগামী দু’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ওই সীমার মধ্যেই থাকার সম্ভাবনা। শহরে আগামী সাত দিন বৃষ্টির পূর্বাভাসও নেই। রাজ্যে এখন উত্তর ও উত্তর-পূর্ব দিকের বাতাস বইছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকাতেও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। কেরল এবং গুজরাটে আরও দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর ২ ডিসেম্বর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরির পূর্বাভাস রয়েছে। এখনও পর্যন্ত সেই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা নেই।
উত্তরবঙ্গের সব জেলায় আগামী দু’দিন সকালে হালকা কুয়াশা থাকতে পারে। তাপমাত্রা কম থাকায় এই কুয়াশার সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা তুলনায় বেশি। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস।









