স্নাতক হলেই স্টেট ব্যাঙ্কে ৭,১৫০ অ্যাপ্রেন্টিস পদে চাকরির সুযোগ, আবেদন শুরু!

স্টেট ব্যাঙ্কে ৭,১৫০ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। স্নাতক হলেই আবেদন করতে পারবেন। আবেদন শুরু ১৯ মে, চলবে ২৮ জুন পর্যন্ত। বিস্তারিত জানুন।

Share:

ব্যুরো নিউজ, ২৩ মে ২০২৬ : ভারতীয় স্টেট ব্যাঙ্কে (State Bank of India) অ্যাপ্রেন্টিস পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মোট ৭,১৫০টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ৪৬০টি পদ। যে সকল চাকরিপ্রার্থী ব্যাঙ্কের চাকরির জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। ভারতীয় নাগরিক হলেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে। বয়সের ক্ষেত্রে, আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে অনলাইন লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষার উপর দক্ষতা যাচাই। এই ধাপগুলি সফলভাবে অতিক্রম করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। যদিও বেতন কাঠামো সম্পর্কে নির্দিষ্ট তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, তবে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এরপর ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই গত ১৯ মে থেকে শুরু হয়েছে এবং আগামী ২৮ জুন, ২০২৬ পর্যন্ত চলবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।