ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: আশঙ্কা সত্যি করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এটি ধীরে ধীরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এবং আগামী ১৬ নভেম্বর নাগাদ এটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই সময়কালে এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোবে বলে মনে করা হচ্ছে। এর ফলে বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। একইসঙ্গে পারদ পতনের পূর্বাভাসও রয়েছে।
আজ শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও, দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। আগামী দু’দিনে তাপমাত্রা আরও প্রায় দুই ডিগ্রি কমতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের আগে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবারও রাজ্যের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। তবে ১৯ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই নতুন সিস্টেমের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালার কিছু অংশেও বৃষ্টি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।









