ব্যুরো নিউজ, ২৬শে নভেম্বর ২০২৬ : ভারতের নিজের হাতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এবার এমন এক ক্ষমতা নিয়ে হাজির হল, যা এতদিন শুধু বিদেশি বড় বড় কোম্পানির কাছেই আশা করা যেত। দেশের স্বদেশি AI সংস্থা BharatGen নিয়ে এল তার নতুন ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেল ‘Patram 1.5’। নামটা ছোট হলেও এর কাজটা কিন্তু একেবারেই ছোট নয়। এই মডেল এখন নথি শুধু পড়বে না, নথিকে চোখ দিয়ে দেখে, বুঝে, তার ভেতর থেকে আসল তথ্যটাকে খুঁজে বের করে আনবে।
হাতে একটি পুরনো, ভাঁজ-পড়া, সিলমোহরযুক্ত সরকারি ফর্ম কল্পনা করুন। কোথাও হাতের লেখা, কোথাও ছাপা অক্ষর, সঙ্গে বাংলা, হিন্দি ও ইংরেজির মিশ্রণ। সাধারণ কম্পিউটার বা পুরনো OCR সফটওয়্যার এখানে আটকে যায়। কিন্তু Patram 1.5 এমন কাজেই কার্যকর। স্ক্যান করা নথি, সিলমোহরযুক্ত কাগজ, হাতের চিঠি বা বহুভাষিক জটিল ফাইল, সবই এটি সহজে পড়তে পারে।
৭০০ কোটি প্যারামিটারের এই ওপেন-ওয়েট মডেল ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি। রাজ্যভেদে ভাষা, লিপি ও নথির ধরন আলাদা হওয়ায় বিদেশি মডেল ব্যবহার কঠিন। এই সমস্যার সমাধানে এসেছে Patram 1.5। বিজ্ঞান ও প্রযুক্তি দফতর (DST) ও IndiaAI Mission (MeitY)-এর সহযোগিতায় তৈরি এই মডেল এখন Hugging Face ও BharatGen Playground-এ পাওয়া যাচ্ছে, যে কেউ সক্ষমতা যাচাই করতে পারেন।
BharatGen NBT Tech জানিয়েছে, এই মডেল কেন জরুরি। হাসপাতাল, ব্যাংক, বিমা কোম্পানি ও সরকারি দফতরে প্রতিদিন হাজারো ফর্ম, মেডিক্যাল রিপোর্ট ও KYC নথি আসে। এসব থেকে তথ্য বের করতে ঘণ্টার পর ঘণ্টা লাগে এবং প্রায়ই ভুল হয়। Patram 1.5 এই কাজ কয়েক সেকেন্ডে সহজ করবে।
আগে পুরো পাতার লেখা একসঙ্গে তুলে দেওয়া হতো, তারপর দরকারি তথ্য নিজেকেই খুঁজে নিতে হতো। Patram 1.5-এ নিজের ভাষায় প্রশ্ন করা যায়, যেমন “এই ফর্মে রোগীর নাম কী?” বা “এই রিপোর্টে মোট টাকা কত?”।









