হাসিনার বার্তার পর বাংলাদেশে প্রত্যাবর্তন আওয়ামি লিগ নেতার, নতুন করে জল্পনা

শেখ হাসিনার ফেরার বার্তার পর মহদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরলেন আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান। সীমান্তে যাতায়াত ও বাণিজ্য নিয়েও বাড়ছে উদ্বেগ।

Share:

ব্যুরো নিউজ, ২৬ নভেম্বর ২০২৬: শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে পারেন—এমন বার্তার পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামি লিগের দেশছাড়া নেতাদের একাংশ।

দু’মাস ভারতে কাটিয়ে মালদার মহদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য তথা আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান ও তাঁর কয়েকজন কর্মী।

হাবিবুরের দাবি, নেত্রীর ফেরার বার্তা পেয়ে তিনি দেশে ফিরছেন। তাঁর মতো আরও অনেকে ফেরার উদ্যোগ নিচ্ছেন বলেও দাবি করেছেন তিনি। হাবিবুর জানান, ভয়ে গত দু’মাস বেঙ্গালুরু ও হায়দরাবাদে ছিলেন তিনি। এদিকে বাংলাদেশে নতুন করে অস্থিরতার আশঙ্কায় সীমান্তে উদ্বেগ বেড়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে মহদিপুরে আসা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা ভানুরানি ঘোষ বলেন, পরিস্থিতি আপাতদৃষ্টিতে স্বাভাবিক হলেও আশঙ্কা কাটেনি। ডিসেম্বর মাসে শেখ হাসিনা ফিরতে পারেন বলে শুনে পরিবারের সদস্যদের নিয়ে মালদায় আত্মীয়ের বাড়িতে এসেছেন তিনি। মহদিপুর সীমান্তে দুই দেশের নাগরিকদের যাতায়াত বেড়েছে। বাংলাদেশ থেকে ভারতে আসা কয়েকজনের মুখে শেখ হাসিনার প্রসঙ্গ শোনা গিয়েছে। কেউ তাঁকে ফের ক্ষমতায় দেখতে চান, আবার কেউ নির্দিষ্ট দলের বদলে যে সরকারই আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অস্থিরতার আশঙ্কায় সীমান্ত বাণিজ্য নিয়েও চিন্তা বাড়ছে।

ট্রাকচালক সমীর ঘোষ বলেন, বাংলাদেশে গাড়ি নিয়ে যেতে ভয় লাগছে। দ্রুত শান্তি ফিরলে তাঁরা নির্ভয়ে পণ্য নিয়ে যাতায়াত করতে পারবেন বলে আশা তাঁর। মহদিপুর চেকপোস্ট সূত্রে খবর, আগে প্রতিদিন ১২০ থেকে ১৫০ জন বৈধ পাসপোর্টে যাতায়াত করতেন, এখন সংখ্যাটি বেড়ে প্রায় ২০০ থেকে ২২০। প্রতিদিন ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাকও চলাচল করে। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও শুল্ক দফতর।