ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: চোখে সাধারণ চশমা, অথচ তার আড়ালেই চলছে ছবি তোলা, ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে AI-এর মাধ্যমে আশপাশের মানুষের তথ্য বিশ্লেষণ! আধুনিক প্রযুক্তির এই নতুন উদ্ভাবন নিয়েই এবার উদ্বেগ বাড়ছে। AI-চালিত স্মার্ট চশমার নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বড়সড় সতর্কবার্তা দিল নেদারল্যান্ডসের ডেটা প্রোটেকশন অথরিটি বা AP। এমনকী সাধারণ ব্যবহারের জন্য এই ধরনের চশমা না কেনার পরামর্শও দিয়েছে তারা।
কী কী বিপদ খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ?
নেদারল্যান্ডসের বাজারে পাওয়া ছ’ধরনের স্মার্ট চশমা পরীক্ষা করে একাধিক উদ্বেগজনক বিষয় সামনে এসেছে। পরীক্ষায় দেখা গিয়েছে, একটি চশমা কৃত্রিমভাবে তৈরি জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্স ডাকার কথা জানালেও বাস্তবে কোনও অ্যাম্বুল্যান্স ডাকা হয়নি। অন্য একটি ডিভাইস প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনুপযুক্ত পরামর্শ দিয়েছে। এমনকী ওষুধের নির্দেশিকা ও নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা পড়ার ক্ষেত্রেও ভুল করেছে কয়েকটি ডিভাইস।
গোপনে রেকর্ডিংয়ের আশঙ্কা!
এই চশমাগুলিতে থাকা ক্যামেরা ও মাইক্রোফোনের সাহায্যে আশপাশের মানুষের অজান্তেই ছবি, ভিডিও ও কথোপকথন রেকর্ড হতে পারে। শুধু তাই নয়, পরীক্ষিত কয়েকটি ডিভাইসে নিরাপত্তার দুর্বলতাও ধরা পড়েছে। এর ফলে অন্য কেউ অনুমতি ছাড়াই রেকর্ডিং দেখতে কিংবা ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারে বলে আশঙ্কা।
ভারতের ক্ষেত্রেও কি উদ্বেগ রয়েছে?
ভারতে স্মার্ট চশমার উপর কোনও সর্বাত্মক নিষেধাজ্ঞা নেই। তবে হাসপাতাল, আদালত, শৌচাগার ও পোশাক পরিবর্তনের মতো ব্যক্তিগত পরিসরে ক্যামেরাযুক্ত চশমা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অন্যের ছবি বা ভিডিও প্রকাশের ক্ষেত্রেও গোপনীয়তার বিষয়টি মাথায় রাখা জরুরি।
অর্থাৎ প্রযুক্তির সুবিধা নিতে গিয়ে যেন অন্যের ব্যক্তিগত পরিসর লঙ্ঘিত না হয়, সেই বার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞরা।









