বিদেশি বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ SEBI-র! মাত্র ৫ দিনেই মিলবে বাজারে প্রবেশের সুযোগ?

বিদেশি পুঁজি আকর্ষণে এফপিআইদের ভারতে বিনিয়োগের প্রক্রিয়া দ্রুত করতে নতুন সংস্কারের কথা ভাবছে সেবি।

Share:

ব্যুরো নিউজ, ২০ নভেম্বর ২০২৬: ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে এবার বড়সড় সংস্কারের পথে হাঁটছে SEBI। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারী বা FPI-দের জন্য বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করতে একাধিক নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। লক্ষ্য, বিদেশি বিনিয়োগকারীদের নাম নথিভুক্তির সময় কমিয়ে মাত্র পাঁচ কর্মদিবসে নিয়ে আসা। শুক্রবার মুম্বইয়ে CII Financing Summit 2026-এ এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন SEBI চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে।

কী কী বদল আনতে চলেছে SEBI?

SEBI চেয়ারম্যান জানিয়েছেন, FPI-দের জন্য নিয়মকানুন আরও সরল করতে শীঘ্রই একটি কনসালটেশন পেপার প্রকাশ করা হবে। ভারতের বাজারে এমন কিছু নিয়ন্ত্রক বিধিনিষেধ রয়েছে, যা বিশ্বের অন্যান্য বড় বাজারে নেই। সেগুলি পর্যালোচনা করে অপ্রয়োজনীয় শর্ত তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইতিমধ্যেই SWAGAT-FI কাঠামোর অধীনে প্রায় ৭৪০টি FPI নথিভুক্ত হয়েছে। এই বিনিয়োগকারীদের হাতে রয়েছে মোট FPI সম্পদের প্রায় ১৭ শতাংশ। ডিজিটাল নথিভুক্তি, ডিজিটাল স্বাক্ষরযুক্ত পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহণ এবং নেট সেটলমেন্টের মতো ব্যবস্থাও চালু করেছে SEBI।

KYC নিয়মেও বড় পরিবর্তন!

আগামী ১ ডিসেম্বর থেকে নির্দিষ্ট FPI-দের KYC পর্যালোচনার সময়সীমা বাড়ানো হবে। এক বছরের পরিবর্তে দু’বছর এবং তিন বছরের পরিবর্তে আট বছর অন্তর KYC পর্যালোচনার ব্যবস্থা করা হচ্ছে। ফলে বারবার নথি যাচাইয়ের ঝামেলা কমবে।

SEBI-র এই উদ্যোগের মূল লক্ষ্য বিদেশি পুঁজি আকর্ষণ, বাজারে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং ভারতীয় শেয়ার বাজারকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে তোলা।