ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: তারকাদের হাতবদলে আরও একবার খবরের শিরোনামে বিলাসবহুল প্রাসাদ! হলিউড তারকা জো জোনাস ও সোফি টার্নারের একসময়ের স্বপ্নের বাড়ি এবার বিক্রির জন্য বাজারে তুললেন জনপ্রিয় পপ গায়িকা মেঘান ট্রেনর। বাড়িটির দাম রাখা হয়েছে ১৭.৯৯৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬০ কোটি টাকা।
দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের এনসিনো এলাকার রয়্যাল ওকস অঞ্চলে অবস্থিত এই বিশাল প্রাসাদটি ২০১৯ সালে ১৪.১ মিলিয়ন ডলারে কিনেছিলেন জো জোনাস ও সোফি টার্নার। পরে ২০২১ সালে তাঁরা বাড়িটি বিক্রি করেন সংগীত প্রযোজক জেডকে। ২০২৪ সালে মেঘান ট্রেনর ও তাঁর স্বামী ড্যারিল সাবারা ১৭.১২৫ মিলিয়ন ডলারে সম্পত্তিটি কেনেন।
প্রায় ১৪,৭৭৯ বর্গফুটের এই বাড়িতে রয়েছে ছ’টি শোবার ঘর, ১২টি বাথরুম, পেশাদার রেকর্ডিং স্টুডিও, হোম থিয়েটার, সুইমিং পুল, জিম এবং ব্যক্তিগত পাব! এমনকী শিশুদের জন্য রয়েছে ফোম পিট, স্লাইড ও ক্লাইম্বিং ওয়াল-সহ বিশেষ খেলার ঘর।
কেন এই বিলাসবহুল বাড়ি বিক্রি করছেন মেঘান, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।










