দেওয়ালির রকেটে সোফায় আগুন! পোষ্য কুকুরের তৎপরতায় বড় বিপদ থেকে বাঁচলেন বিবেক অগ্নিহোত্রী

দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পোষা কুকুরের চিৎকারে প্রাণে বাঁচলেন তিনি ও পরিবার।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: দেওয়ালির আনন্দের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ডের আশঙ্কা! আচমকা রকেট এসে আছড়ে পড়ল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বাড়ির বারান্দায় রাখা সোফায়। মুহূর্তেই আগুন ধরে যায় সোফায়। তবে শেষ মুহূর্তে পোষ্য কুকুরদের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন পরিচালক ও তাঁর স্ত্রী পল্লবী যোশী।

NDTV-র প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে এই ঘটনা ঘটে মুম্বইয়ে তাঁদের বাড়িতে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ঘটনার কথা জানিয়ে বিবেক লেখেন, তাঁদের কুকুরগুলি সময়মতো সতর্ক করায় পরিবারের সদস্যরা বিপদ বুঝতে পারেন। পাশাপাশি সোফার অগ্নিরোধক কাপড়ও আগুন ছড়িয়ে পড়া আটকাতে সাহায্য করে।

ঘটনার পর দেওয়ালিতে আতশবাজির নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন পরিচালক। মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়েকে ট্যাগ করে তিনি প্রশ্ন তুলেছেন, শুধু সতর্কবার্তা দিলেই কি দায়িত্ব শেষ? তাঁর মতে, নিয়মের কঠোর প্রয়োগ এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

বিবেকের বক্তব্য, উৎসবের আনন্দ কখনও নিরীহ মানুষের জীবন, বাড়ি ও সম্পত্তিকে বিপদের মুখে ফেলতে পারে না। তাঁর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।