প্রতি দীপাবলিতে একসঙ্গে ছবি তোলার অভ্যাস ছিল তাঁদের! দিলীপ কুমারকে স্মরণ করে আবেগে ভাসলেন সায়রা বানু

সায়রা বানু তাঁর প্রয়াত স্বামী দিলীপ কুমারের সঙ্গে দিওয়ালির পুরনো ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বছর দিওয়ালিতে তাঁরা একসঙ্গে একটি বিশেষ ছবি তুলতেন, সেই স্মৃতিই তিনি তুলে ধরেছেন।

Share:

ব্যুরো নিউজ, ৮ নভেম্বর ২০২৬: দীপাবলির হাজার প্রদীপের আলোয় আজও যেন খুঁজে ফেরেন জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে! বলিউডের কিংবদন্তি অভিনেতা প্রয়াত দিলীপ কুমারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের স্মৃতিতে আবেগপ্রবণ অভিনেত্রী সায়রা বানু। এবারের দীপাবলিতে স্বামীকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পুরনো ছবি এবং হৃদয়স্পর্শী বার্তা শেয়ার করেছেন তিনি। আর সেই পোস্ট ঘিরেই আবেগে ভাসছেন অনুরাগীরা।

দিলীপ কুমারের সঙ্গে প্রতি বছর দীপাবলিতে একটি বিশেষ ছবি তোলার অভ্যাস ছিল সায়রার। বাড়ি যখন অসংখ্য প্রদীপের আলোয় ঝলমল করত, তখন দু’জনে একসঙ্গে ছবি তুলতেন। সায়রার কথায়, তাঁদের এই ছোট্ট পারিবারিক ঐতিহ্যই উৎসবকে আরও বিশেষ করে তুলত।

নিজের পোস্টে অভিনেত্রী লিখেছেন, দীপাবলির মধ্যে এক অদ্ভুত জাদু রয়েছে। হাজার হাজার ছোট প্রদীপ যেমন বাড়িতে উষ্ণতা ছড়িয়ে দেয়, তেমনই কিছু স্মৃতি বহু বছর পরেও পুরনো ছবির মতো মনের মধ্যে ফিরে আসে।

শুধু স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তই নয়, নিজের অভিনয় জীবনের শুরুর দিকের দীপাবলি পার্টির কথাও স্মরণ করেছেন সায়রা। সেই সময়ের বন্ধু, আনন্দ, আতশবাজি এবং উৎসবের উচ্ছ্বাস আজও তাঁর মনে অমলিন।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। দীর্ঘ ৫৫ বছরের দাম্পত্য জীবনে তাঁর পাশে ছিলেন সায়রা বানু। সময়ের সঙ্গে মানুষ চলে গেলেও ভালোবাসা ও স্মৃতি যে থেকে যায়, সায়রার এই পোস্ট যেন আরও একবার সেই কথাই মনে করিয়ে দিল।

সম্পর্কিত খবর