তারকাখচিত পার্টির পর এবার পরিবারের সঙ্গে একান্ত দীপাবলি! প্রিয়াঙ্কার ছবিতে মুগ্ধ নেটদুনিয়া

দীপাবলীতে লস অ্যাঞ্জেলেসে প্রিয়াঙ্কা চোপড়ার জমকালো উৎসব! স্বামী নিক ও মেয়ে মালতিকে নিয়ে শেয়ার করলেন পারিবারিক ছবি। দেখুন সেই ঝলক।

Share:

ব্যুরো নিউজ, ৮ নভেম্বর ২০২৬: হাজার মাইল দূরে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যে তাঁর সম্পর্ক অটুট, ফের একবার তার প্রমাণ দিলেন বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরিকে নিয়ে জমিয়ে দীপাবলি উদযাপন করলেন অভিনেত্রী। আর সেই বিশেষ মুহূর্তের একগুচ্ছ পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই অনুরাগীদের নজর কাড়ল চোপড়া-জোনাস পরিবার।

দীপাবলির সাজে প্রিয়াঙ্কাকে দেখা গেল বারগান্ডি ও সোনালি রঙের অপূর্ব স্ট্র্যাপলেস পোশাকে। পোশাকজুড়ে ছিল জারদৌসি, সোনালি সুতো ও পুঁতির সূক্ষ্ম কারুকাজ। সঙ্গে কুন্দনের গয়না, বড় সোনালি দুল, হাতে চুড়ি এবং খোঁপায় সাদা গজরা—সব মিলিয়ে একেবারে নজরকাড়া দেশি সাজ।

অন্যদিকে, নিক জোনাস পরেছিলেন ক্রিম ও সাদা রঙের এমব্রয়ডারি করা কুর্তা সেট। বাবার সঙ্গে রং মিলিয়ে ছোট্ট মালতীর পরনে ছিল সুন্দর সাদা লেহেঙ্গা। পরিবারের একসঙ্গে কাটানো মুহূর্তের পাশাপাশি নিজের সাজ এবং ভারতীয় খাবার উপভোগ করার ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘Some camera roll favourites from this Diwali. Wishing you all a very Happy Diwali।’ অর্থাৎ, এবারের দীপাবলির কিছু প্রিয় মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়ে অনুরাগীদের জানিয়েছেন উৎসবের শুভেচ্ছা। নিকও প্রদীপ ও তারার ইমোজি দিয়ে ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখ্য, বিদেশে থাকলেও মেয়েকে ভারতীয় সংস্কৃতি ও উৎসবের সঙ্গে পরিচিত করে তুলতে বরাবরই সচেষ্ট প্রিয়াঙ্কা। দুর্গাপুজো, দশেরা থেকে করওয়া চৌথ—বিভিন্ন ভারতীয় উৎসবেও পরিবারের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে।