এবার হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়কের স্ত্রী, স্বামীর বিরুদ্ধে আনলেন নির্যাতনের অভিযোগ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী এবার হাইকোর্টে। তাঁর অভিযোগ, পুলিশ জোর করে স্বীকারোক্তি আদায় করছে এবং স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: ডায়মন্ড হারবারের তৃণমূল পার্টি অফিস থেকে কোটি টাকারও বেশি নগদ উদ্ধারের ঘটনায় এবার নতুন মোড়। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

তাঁর অভিযোগ, পুলিশ জোর করে তাঁর স্বামীর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে। এমনকী, গোটা টাকা উদ্ধারের ঘটনাটিই সাজানো বলেও দাবি করেছেন তিনি। স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলে এবার নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন সুস্মিতা।

হাইকোর্টে দায়ের করা মামলায় সুস্মিতা রায়ের অভিযোগ, পুলিশি হেফাজতে সুমিতের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। তাঁকে দিয়ে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও দাবি তাঁর। সুস্মিতার বক্তব্য, পরিকল্পিতভাবে এই টাকা উদ্ধারের ঘটনা সাজিয়ে তাঁর স্বামীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সরিষায় একটি তৃণমূল পার্টি অফিস থেকে নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের পর সুমিত রায়ের কাছ থেকে ওই টাকার সন্ধান পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয় তীব্র চাপানউতোর।

অন্যদিকে, এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এমনকী, তাঁর আপ্তসহায়ককে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

সুস্মিতা রায়ের আবেদনে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন অথবা সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা।

সব মিলিয়ে ডায়মন্ড হারবারের কোটি টাকা উদ্ধারকাণ্ড ঘিরে রাজনৈতিক ও আইনি জটিলতা ক্রমশ বাড়ছে। এবার হাইকোর্ট এই মামলায় কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের।