ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: ভাই-বোনের পবিত্র বন্ধনের উৎসব ভাইফোঁটা দরজায় কড়া নাড়ছে। কালীপুজোর পরেই শুরু হয়ে যায় এই উৎসবের প্রস্তুতি। ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বোনেরা এই দিনটি পালন করেন। তবে এই উৎসব কেবল উপহার বা খাওয়াদাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কিছু প্রাচীন রীতিনীতি। বিশ্বাস করা হয়, চিরাচরিত প্রথা মেনে ফোঁটা দিলে ভাইয়ের জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই এই বিশেষ দিনে পুরনো নিয়মগুলি মেনে চলার দিকেই সকলের নজর থাকে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, ভাইফোঁটার থালায় দূর্বা, শিশির, গঙ্গাজল, প্রদীপ, ধূপকাঠি, শঙ্খ এবং মিষ্টি রাখা আবশ্যিক। এর সঙ্গে খাঁটি চন্দন বাটা থাকা জরুরি। সাধারণত চন্দন, কেশর এবং গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার রেওয়াজ রয়েছে। স্নান সেরে পরিষ্কার পোশাকে ফোঁটা দেওয়া শুভ বলে মনে করা হয়। অনেক বাড়িতে দিদি বা বোনকে পূর্ব দিকে মুখ করে বসতে দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, ফোঁটা নেওয়ার সময় ভাইকে খালি মাটিতে বসানো উচিত নয়। কাঠের জলচৌকি বা পরিষ্কার আসনে বসানোই শ্রেয়। দাঁড়িয়ে ফোঁটা দেওয়া এড়িয়ে চলা ভালো। ভাই ও বোন দুজনেই নতুন পোশাকে থাকলে তা শুভ বলে বিবেচিত হয়। ভাইকে ৫ অথবা ৭ রকমের মিষ্টি দেওয়া যেতে পারে, তবে ৩ রকমের মিষ্টি দেওয়া উচিত নয়। ভাইয়ের মুখে মিষ্টি তুলে দেওয়ার পর তাঁর কাছ থেকে উপহার গ্রহণ করা ভালো।
পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে ভাইফোঁটার তিথি শুরু হচ্ছে মঙ্গলবার দুপুর ২টো ২ মিনিটে এবং শেষ হচ্ছে বুধবার দুপুর ৩টে ৫৪ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, তিথি শুরু হবে মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে এবং শেষ হবে বুধবার দুপুর ২টো ৯ মিনিটে। এই সময় মেনেই পালিত হবে ভাইফোঁটার উৎসব।










