ঝাড়খণ্ডের বুকেই লুকিয়ে প্রাকৃতিক বিস্ময়! রাঁচির গুঙ্গা নালা দেখলে চোখ ফেরাতে পারবেন না

কাশ্মীর-মানালির চেয়েও সুন্দর! রাঁচির জঙ্গলে লুকিয়ে থাকা অপূর্ব গুঙ্গা নালা সম্পর্কে জানুন। অফবিট পর্যটনের জন্য আদর্শ এই স্থান।

Share:

ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: অফবিট জায়গায় ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য এক দারুণ খবর। এবার কাশ্মীর বা মানালির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিকে ভুলে যান। কারণ, এবার আপনার গন্তব্য হতে পারে ঝাড়খণ্ডের রাঁচির কাছেই থাকা এক অপূর্ব সুন্দর স্থান – গুঙ্গা নালা। জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এই প্রাকৃতিক শোভা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। সম্প্রতি এই গুঙ্গা নালা পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

রাঁচি শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি যেন এক লুকানো স্বর্গরাজ্য। সরু নালাটি জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে, যার স্বচ্ছ জল আর চারপাশের ঘন সবুজ পরিবেশ এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। এখানকার মনোমুগ্ধকর দৃশ্য দেখলে মনে পড়ে যাবে কাশ্মীরের পহেলগামের কথা। এখানে পৌঁছানোর পথটিও বেশ রোমাঞ্চকর। একটি ছোট পাহাড় পেরিয়ে নিচে নামলেই চোখে পড়বে এই নয়নাভিরাম দৃশ্য। ঝর্ণার মতো বয়ে চলা জলধারা আর দুপাশের ঘন জঙ্গল এক অন্যরকম অনুভূতি দেয়। বাইক বা গাড়ি নিয়ে সহজেই এখানে পৌঁছানো যায় ।

শুধু গুঙ্গা নালাই নয়, এর কাছেই রয়েছে সুপা ভিলেজ, যা দেখলে মনে হবে যেন কোনও বলিউড সিনেমার সেট! কলকাতা থেকে রাঁচি পর্যন্ত ট্রেনে এসে, সেখান থেকে গাড়ি ভাড়া করে সহজেই গুঙ্গা নালা ঘুরে আসা যায়। এই শীতে যারা একটু অন্যরকম অভিজ্ঞতার খোঁজে আছেন, তাদের জন্য গুঙ্গা নালা এক আদর্শ গন্তব্য হতে পারে। প্রকৃতির কোলে এই শান্ত ও সুন্দর পরিবেশে কিছু দিন কাটাতে পারলে মন ভরে উঠবে।