ব্যুরো নিউজ, ৯ নভেম্বর ২০২৬: পাকিস্তানের এক জনপ্রিয় টিভি অ্যাঙ্কর রাবিয়া আহসানকে (Rabia Ahsan) নিজ বাসভবনে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাঁর স্বামী আহসান তাহির খানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন। জানা গেছে, রাবিয়া আহসান সন্ধ্যায় একটি বুলেটিন পড়ে রাত আটটায় বাড়ি ফেরেন। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু আচমকাই গুলির শব্দে কেঁপে ওঠে বাড়ি। তাঁর মা ও বোন ছুটে এসে দেখেন, ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে।
ঘটনাটি ঘটেছে রাওয়ালপিন্ডির আডিয়াসা রোডের গুলশনাবাদ এলাকায়। ৪১ বছর বয়সী রাবিয়া আহসান পাকিস্তানের একটি বেসরকারি নিউজ চ্যানেল ‘৯২ নিউজ’-এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন জনপ্রিয় অ্যাঙ্কর ও প্রোগ্রাম হোস্ট হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার সময় তাঁর মা ও বোনেরাও বাড়িতে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী আহসান তাহির খান দাবি করেছেন যে, পিস্তল নাড়াচাড়া করার সময় হঠাৎই গুলি বেরিয়ে যায়।
তিনি আরও জানান যে, পিস্তলটি লোড করা ছিল তা তাঁর জানা ছিল না এবং এটি একটি দুর্ঘটনা। বাড়ির এক পরিচারকও পুলিশকে একই কথা বলেছেন। তবে, নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে এবং ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করেছে। এই ঘটনায় পাকিস্তানে চাঞ্চল্য ছড়িয়েছে।









