ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: শীতের ছুটির আমেজ শুরু হয়ে গিয়েছে। এই সময়ে অনেকেই উত্তরবঙ্গের (North Bengal) কোনও নিরিবিলি অফবিট ডেস্টিনেশন (Offbeat Destination) খুঁজছেন। তাঁদের জন্য এক দারুণ খবর রয়েছে। উত্তরবঙ্গের এক অনামী অথচ অসাধারণ সুন্দর জায়গা হল চালতাবন। এখনও বহু পর্যটকের কাছে এই স্থানটি অজানা থাকায়, এখানে প্রকৃতির শান্ত ও স্নিগ্ধ রূপ উপভোগ করা যায়। চারপাশের কোলাহল থেকে দূরে, কেবল নদীর কুলকুল ধ্বনি, পাখির ডাক আর গাছের পাতার মর্মর শব্দই আপনার সঙ্গী হবে।
চালতাবনের মূল আকর্ষণ হল এর স্বচ্ছ, ঠান্ডা পাহাড়ি নদী এবং চারপাশের সবুজ জঙ্গল। এখানে গাড়ি বা ট্যুরিস্টদের ভিড় না থাকায়, প্রকৃতির নিবিড় সান্নিধ্য লাভ করা যায়। যদিও বন দফতরের নিয়ম অনুযায়ী নদীর ধারে পিকনিক বা রান্না করা এখন নিষিদ্ধ, তবে বিশেষ অনুমতি নিয়ে তা করা যেতে পারে। থাকার জন্য এখানে বিশেষ কোনও হোটেল বা লজ নেই। ক্যাম্পিং করতে চাইলে নিজের তাঁবু নিয়ে যেতে হবে। তবে ওদলাবাড়ি স্টেশনের আশেপাশে খোঁজ নিলে থাকার ব্যবস্থা মিলতে পারে। চালতাবনে যেতে হলে আপনাকে প্রথমে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশন পৌঁছাতে হবে। সেখান থেকে শিলিগুড়ি (Siliguri) হয়ে বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে ওদলাবাড়ি (Odlabari) স্টেশনে নামতে হবে।
ওদলাবাড়ি স্টেশন থেকে টোটো ভাড়া করে চালতাবনের দিকে রওনা দিতে পারেন। জনপ্রতি ভাড়া প্রায় ২০-২৫ টাকা। স্টেশন থেকে কিছুটা পথ হেঁটে গেলেই পৌঁছে যাবেন এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশে। নীল আকাশ, পাহাড়, জঙ্গল আর কাঁচের মতো স্বচ্ছ নদীর মেলবন্ধন এক অন্যরকম অনুভূতি দেবে।








