ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে জল্পনায় জল! ‘সবই রাজনৈতিক অপপ্রচার’, স্পষ্ট বার্তা ইশরাকের

শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি ও ইন্টারপোলের রেড নোটিশের প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি করেছেন ইশরাক হোসেন। তিনি এটিকে রাজনৈতিক প্রচারণা বলে উল্লেখ করেন।

Share:

ব্যুরো নিউজ, ১০ নভেম্বর ২০২৬: ডিসেম্বরেই কি বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা? তাঁকে দেশে ফেরানো নিয়ে রাজনৈতিক মহলে চলা জল্পনার মাঝেই এবার মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা ঢাকা-৬-এর সাংসদ ইশরাক হোসেন। তাঁর দাবি, প্রত্যর্পণ চুক্তি এবং ইন্টারপোলের রেড নোটিসের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে, ডিসেম্বর মাসে তাঁর প্রত্যাবর্তন নিয়ে ছড়ানো খবরকে রাজনৈতিক প্রচার ও অপপ্রচার বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশরাক বলেন, গণহত্যা ও হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত ব্যক্তিকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই তাঁদের লক্ষ্য।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, প্রায় ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশে আনসার ও ভিডিপি বাদ দিলে পুলিশের সংখ্যা মাত্র ২ লক্ষের কাছাকাছি। ফলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা কঠিন।

আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে ইশরাকের দাবি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে সাড়া দিচ্ছেন না। রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে এবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।