ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: বরানগরে এক যুবতীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অঞ্জলি সাউ। মঙ্গলবার রাতে বন্ধ ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পরদিন সকালে তাঁর মোবাইল ফোন থেকেই পরিবারের সদস্যদের কাছে মেসেজ আসে এবং চ্যাটও হয়। এই ঘটনায় হতবাক পরিবার। কীভাবে এটা সম্ভব, তা নিয়ে দিশেহারা তাঁরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। গলায় এবং মাথার পিছনেও আঘাতের স্পষ্ট দাগ মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুনের আগে ওই যুবতীকে বেধড়ক মারধর করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং এক যুবককে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, যুবতীর খোয়া যাওয়া মোবাইল থেকে রাজ্যের বাইরে থেকে মেসেজ পাঠানো হয়েছে। টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে খোঁজার চেষ্টা চলছে। এই ঘটনায় পরিচিত কারোর যোগ থাকার সম্ভাবনা প্রবল বলে মনে করছে পুলিশ।
ঘটনাটি বরানগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকার। মৃত অঞ্জলি সাউ তাঁর জামাইবাবুর ফ্ল্যাটেই থাকতেন। মঙ্গলবার দুপুরে তিনি ফ্ল্যাটে ঢোকার পর প্রতিবেশীরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।









