ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: ছটপুজো মানেই সূর্যদেবের আরাধনা, ভক্তি আর সঙ্গে বিশেষ প্রসাদ ঠেকুয়ার মিষ্টি স্বাদ! বিহার, ঝাড়খণ্ড ও পূর্ব উত্তরপ্রদেশের এই জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার এখন বাঙালির ঘরেও বেশ পরিচিত। তবে দোকান থেকে কিনে আনার প্রয়োজন নেই। কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মুচমুচে, সুস্বাদু ঠেকুয়া।
ঠেকুয়া বানাতে কী কী লাগবে?
আটা – ২ কাপ
গুড় – ১৫০ গ্রাম
ঘি – ৩-৪ টেবিল চামচ
মৌরি – ১ চা চামচ
এলাচ গুঁড়ো – আধ চা চামচ
নারকেল কোরা – ২ টেবিল চামচ
ভাজার জন্য ঘি বা সাদা তেল।
কীভাবে বানাবেন?
প্রথমে অল্প গরম জলে গুড় গুলে ঠান্ডা করে নিন। অন্য একটি পাত্রে আটা, মৌরি, এলাচ গুঁড়ো ও নারকেল কোরা মিশিয়ে ঘি দিয়ে ভালো করে ময়ান দিন। এবার অল্প অল্প করে গুড়ের জল মিশিয়ে শক্ত ডো তৈরি করুন।
ডো থেকে ছোট ছোট লেচি কেটে ঠেকুয়ার ছাঁচে নকশা করে নিন। ছাঁচ না থাকলে কাঁটাচামচ দিয়েও নকশা করতে পারেন। এরপর মাঝারি থেকে কম আঁচে ঘি বা তেলে সোনালি-বাদামি করে ভেজে নিন।
মনে রাখবেন: ঠেকুয়া মুচমুচে করতে ডো কখনও নরম করবেন না। ঠান্ডা হওয়ার পর বায়ুরোধী পাত্রে রাখুন।
এবার ছটপুজোর প্রসাদে থাকুক বাড়িতে তৈরি খাঁটি স্বাদের ঠেকুয়া!









