প্রতিবেশীর দেওয়া মিষ্টিই কাল হল! রসগোল্লা ভেবে মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু যুবকের

মধ্যপ্রদেশে প্রতিবেশীর দেওয়া রসগোল্লা খেয়ে বোমার বিস্ফোরণে মৃত্যু হল এক যুবকের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রতিবেশীর দেওয়া রসগোল্লা ভেবে মুখে দিতেই বোমার বিস্ফোরণে মৃত্যু হল এক ৩৫ বছর বয়সী যুবকের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে।

পদারিয়া ছান্তা গ্রামের বাসিন্দা রাজেন্দ্র বারৌটিয়া বাড়ির উঠোনে পরিবারের সঙ্গে আগুন পোহাচ্ছিলেন। সেই সময় তাঁর প্রতিবেশী রামভগত বারৌটিয়া সেখানে আসেন এবং রাজেন্দ্রকে একটি মিষ্টি খেতে দেন। রাজেন্দ্র সেটি রসগোল্লা ভেবে মুখে দেন। কিন্তু কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টির মধ্যে থাকা বোমাটি ফেটে যায়। বিস্ফোরণে রাজেন্দ্রর মুখ ও চোয়াল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ওই মিষ্টির মধ্যে শুয়োর মারার কাজে ব্যবহৃত একটি দেশি বিস্ফোরক লুকানো ছিল। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী রামভগত বারৌটিয়াকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা এবং বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কেন এই ভয়ংকর ঘটনা ঘটানো হল, কোথা থেকে বিস্ফোরক আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় মিষ্টির আড়ালে এমন ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে।