ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬ : সুন্দরবনে ফের বাঘের হামলায় মর্মান্তিক পরিণতি এক মৎস্যজীবীর! কাঁকড়া ধরতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণে প্রাণ হারালেন ৭০ বছরের প্রদীপ রায় ওরফে বাবু। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝড়খালি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৮ নভেম্বর প্রদীপ রায় তাঁর কয়েকজন সঙ্গীর সঙ্গে সুন্দরবনের গভীরে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় তাঁরা যখন কাজ করছিলেন, আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। মুহূর্তের মধ্যে বাঘটি প্রদীপ রায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে টেনে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সঙ্গে থাকা অন্য মৎস্যজীবীরা দূর থেকে এই ভয়াবহ দৃশ্য দেখলেও বাঘের সামনে অসহায় হয়ে পড়েন। বাঘের হাত থেকে সহকর্মীকে বাঁচানোর কোনো উপায় তাঁদের ছিল না।ঘটনার পর কোনওরকমে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানান সঙ্গীরা।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ঝড়খালি কোস্টাল থানার পুলিশ এবং বন দফতরের আধিকারিকরা। ঘটনার তদন্তের পাশাপাশি বাঘের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় নতুন করে সুন্দরবনের জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জীবিকার তাগিদে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে প্রবেশ করেন বহু মৎস্যজীবী। প্রদীপ রায়ের মৃত্যুর ঘটনায় তাঁদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।









