ভুয়ো ভিডিও কলেই ৪০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি! উত্তর কোরিয়ার হ্যাকারদের ভয়ংকর ফাঁদ

উত্তর কোরিয়ার হ্যাকাররা ভিডিও কলে ভুয়ো পরিচয়ে প্রায় ৪০ কোটি ডলার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে। এফবিআই-এর মতে, ৯০০-এর বেশি মানুষ এই স্কিমের শিকার।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: ভিডিও কলে পরিচিত মুখ, অথচ আড়ালে চলছে পরিচয় চুরির ছক! ভুয়ো ভিডিও কলের মাধ্যমে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল উত্তর কোরিয়ার রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের বিরুদ্ধে। মার্কিন তদন্তকারী সংস্থা FBI জানিয়েছে, গত ১৮ মাসে এই প্রতারণার শিকার হয়েছেন ৯০০-রও বেশি মানুষ। ‘ফেসস্টিলার’ (FaceStealer) নামে চিহ্নিত এই সাইবার প্রতারণা বিশেষভাবে লক্ষ্য করছে ক্রিপ্টো ও ওয়েব৩ প্রযুক্তি ক্ষেত্রের কর্মীদের।

FBI ও মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, হ্যাকাররা ভুয়ো বা হ্যাক করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পরিচিত ব্যক্তির ছদ্মবেশে ভিডিও কলের আমন্ত্রণ পাঠায়। জুম, মাইক্রোসফট টিমস কিংবা গুগল মিটের নকল সংস্করণে চলে সেই কল। সেখানে পরিচিত কারও আগে রেকর্ড করা ভিডিও দেখিয়ে বিশ্বাস অর্জন করা হয়। এরপর অডিয়োর সমস্যা সারানোর অজুহাতে একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয়। সেই লিঙ্ক থেকেই ডিভাইসে ঢুকে পড়ে ম্যালওয়্যার।

এর মাধ্যমে হ্যাকাররা চুরি করতে পারে যোগাযোগের তালিকা ও বিভিন্ন অ্যাপের তথ্য। গোপনে রেকর্ড করা ভিডিও ব্যবহার করে পরবর্তী শিকারদেরও ফাঁদে ফেলা হয়। FBI-র আশঙ্কা, ক্রিপ্টো চুরির অর্থ উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে।