ইউরোপজুড়ে স্কুলে বোমাতঙ্ক! ইতালিতে ৬৩০০ প্রতিষ্ঠানে হুমকি, খালি স্কুল

ইউরোপের বিভিন্ন দেশে স্কুলগুলিতে বোমাতঙ্কের ইমেল আসায় চাঞ্চল্য। ইতালিতে ব্যাপক স্কুল খালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডেও একই ঘটনা।

Share:

ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: ইউরোপজুড়ে ছড়াল বোমাতঙ্ক! একের পর এক স্কুলে ই-মেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি। আতঙ্কে ইতালির একাধিক শহরে স্কুল থেকে পড়ুয়াদের দ্রুত বাইরে বের করে আনা হল। বুধবার দেশটির প্রায় ৬,৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই হুমকিমূলক ই-মেল পাঠানো হয়। একইসঙ্গে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুলেও পৌঁছয় একই ধরনের বার্তা।

CNN-এর প্রতিবেদন অনুযায়ী, ইতালিতে কয়েকশো স্কুল খালি করে দেওয়া হয়। যদিও পরবর্তী সময়ে তদন্তকারীরা ঘটনাটিকে ভুয়ো বোমা-হুমকি বা হোক্স বলে সন্দেহ করেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, সমস্ত হুমকিই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। কোথাও হামলার কোনও সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।

তবে কে বা কারা এই ই-মেল পাঠিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মেলোনি জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের হুমকি আসতে পারে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে।

অন্যদিকে, উত্তর আয়ারল্যান্ডের ৩০০-র বেশি স্কুলে হুমকিমূলক ই-মেল পৌঁছয়। পুলিশ জানিয়েছে, বার্তাগুলির উৎস ব্রিটেনের বাইরে এবং জনসাধারণের জন্য ঝুঁকি আপাতত কম। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের পুলিশও হুমকিগুলিকে বিশ্বাসযোগ্য বলে মনে করছে না। ফলে সেখানে স্কুল খালি করার নির্দেশ দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশে বিমান পরিষেবা, সংবাদমাধ্যম এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোতেও একাধিক ভুয়ো হুমকি ও সাইবার হামলার ঘটনা ঘটেছে।

এই ধারাবাহিক ঘটনায় ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সব ঘটনাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।