‘জলসা’ বাংলো নিয়ে বচ্চন পরিবারে চরম বিবাদ! অমিতাভের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রী’র আইনি পদক্ষেপ

‘জলসা’ বাংলো নিয়ে বচ্চন পরিবারে চরম বিবাদ! অমিতাভের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রী’র আইনি পদক্ষেপ। মালিকানা নিয়ে প্রশ্ন, শুনানি শুরু

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : মুম্বইয়ের জুহুতে অবস্থিত অমিতাভ বচ্চনের স্বপ্নের বাংলো ‘জলসা’ এখন পারিবারিক বিবাদের কেন্দ্রবিন্দু। মেগাস্টারের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চন সম্প্রতি এই বাংলোর মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

তাঁর অভিযোগ, ১৯৯৩ সালে ‘গিফ্ট ডিড’-এর মাধ্যমে বাংলোর মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল, যা তাঁদের অনুমতি ছাড়াই হয়েছে। রমোলা বচ্চন অন্ধেরীর ডেপুটি রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজের দফতরে এই বিষয়ে আপত্তি জানিয়েছেন। সেখানে ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে।

রমোলা দাবি করেছেন, আসলে ‘জলসা’ তাঁর নামেই রেজিস্ট্রি করা হয়েছিল, কিন্তু তাঁকে অন্ধকারে রেখেই মালিকানা বদল করা হয়। যদিও কপোল হাউজিং সোসাইটির রেকর্ডে জয়া বচ্চনের নাম রয়েছে, মহারাষ্ট্র সরকারের সম্পত্তি রেকর্ডে এখনও রমোলার নামই রয়ে গেছে বলে জানা যাচ্ছে।

রমোলা বচ্চন ১৯৯৩ সালের ‘গিফ্ট ডিড’-এর বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, ওই ডিডটি সাদা কাগজে তৈরি করা হয়েছিল, কোনও স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি এবং কোনও সাক্ষীর সইও ছিল না। এই নথির রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। এই বিষয়ে অমিতাভ বচ্চন বা জয়া বচ্চন এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি। তাঁদের মুখপাত্র জানিয়েছেন, এটি একটি পারিবারিক বিষয় এবং এ নিয়ে প্রকাশ্যে কিছু বলা হবে না।

তবে ‘জলসা’র মালিকানা নিয়ে এই টানাপোড়েন যে বচ্চন পরিবারে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে, তা বলাই বাহুল্য।