ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ প্রক্রিয়ায় ফের অস্বচ্ছতার অভিযোগ। এত কড়া নজরদারির পরেও গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ইন্টারভিউ তালিকা থেকে ১৬ জন অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করা হয়েছে।
কমিশন সূত্রে খবর, ২০১৬ সালের এসএলএসটি (SLST) পরীক্ষায় অযোগ্য ঘোষিত এবং ওএমআর (OMR) শিটে গরমিলের অভিযোগে অভিযুক্ত এই ১৬ জন প্রার্থী। তাঁদের নাম বাদ দিয়েই সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ইন্টারভিউয়ের নয়া তালিকা।
কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ সি নিয়োগের তালিকায় চারজন এবং গ্রুপ ডি নিয়োগের তালিকায় ১২ জন অযোগ্য প্রার্থী ছিলেন। এই ১৬ জনের নাম ২০১৬ সালের এসএলএসটি-তে অযোগ্যদের তালিকায় ছিল। শুধু তাই নয়, সিবিআইয়ের (CBI) তৈরি ওএমআর নম্বর সংক্রান্ত গরমিলের তালিকাতেও তাঁদের নাম পাওয়া গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রশ্ন উঠছে, এত কড়া নজরদারি এড়িয়ে কীভাবে এই প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারলেন? আরও কোনও ‘দাগি’ প্রার্থী কি আবেদন করেছিলেন? পরবর্তী যাচাইয়ের ধাপগুলিতেও কি এমন প্রার্থীর সন্ধান মিলতে পারে? এই ঘটনা এসএসসির নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। কমিশন এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে, এই ১৬ জনকে বাদ দেওয়ায় অনেক যোগ্য প্রার্থী আশার আলো দেখছেন।









