ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবার কলম ধরলেন রাজনৈতিক ছড়া লিখতে। সুকুমার রায়ের ‘হিং টিং ছট’ কবিতার আদলে তিনি বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকালকে বিঁধে একটি ছড়া লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছড়া শেয়ার করে তিনি বুঝিয়ে দিয়েছেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কতটা সরব।
মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন অগ্নিমিত্রা। ভিডিওর শুরুতে মন্ত্রী জানান, ছোটবেলা থেকেই সুকুমার রায়ের কবিতা তাঁর প্রিয়। তাঁর লেখা অনেক কবিতাই তাঁকে ভাবায়, আবার অনেক সময় কাঁদায়। সেই অনুপ্রেরণা থেকেই তিনি এই ছড়াটি লিখেছেন বলে জানান।
ছড়াটিতে তিনি বামেদের দীর্ঘ ৩৪ বছরের শাসনকালের বিভিন্ন দিক তুলে ধরেছেন। ধর্মঘট, মিছিল, মিটিং, বনধ, কাজ না থাকা, কলকারখানা বন্ধ হওয়া, বেকারত্ব – এই সবকিছুর মাধ্যমে তিনি বাম শাসনের ব্যর্থতাকে ইঙ্গিত করেছেন। অগ্নিমিত্রা তাঁর ছড়ায় লিখেছেন, ‘৩৪ বছর লাল নিশান, কথায় কথায় বড় জ্ঞান। ধর্মঘট আর মিছিল-মিটিং, হিং টিং ছট, হিং টিং ছট।’
তিনি আরও উল্লেখ করেছেন যে, কম্পিউটার আসার সময়েও কীভাবে আপত্তি উঠেছিল এবং শিল্পায়নের অভাব কীভাবে মানুষের স্বপ্ন ভেঙেছে। বেকার যুবকদের হতাশা এবং নেতাদের বড় বড় বুলি – সবকিছুরই সমালোচনা করেছেন তিনি। ছড়াটির শেষে তিনি বোঝাতে চেয়েছেন যে, মানুষ বামেদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ৩৪ বছরের শাসনের পর মানুষ তাদের জবাব দিয়েছে। পুরনো দিনের বাঁধন ছেড়ে নতুন ভোরের আশা দেখছেন তিনি।
‘মানুষ যখন জবাব দেয়, ক্ষমতার মসনদ টলে যায়’ – এই পংক্তির মাধ্যমে তিনি মানুষের রায়কেই শেষ কথা বলে উল্লেখ করেছেন।









