ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : চিন্ময় প্রভুর ঘটনায় ইসকনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি ব্যাথিত, আমি দুঃখিত’, যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। বাংলাদেশের এক সন্ন্যাসীর প্রতি ইসকনের এমন আচরণকে তিনি চৈতন্য মহাপ্রভুকে ত্যাগ করার সমতুল্য বলে মন্তব্য করেছেন।
শমীক ভট্টাচার্য জানান, বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভু হিন্দু ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি প্রতিবাদ করে বলেছিলেন, ‘আমরা ভারতে যাব না, এই দেশ আমার দেশ।’ এই সাহসী অবস্থানের জন্য ২০২৪ সালে তাঁকে গ্রেফতার করা হয় এবং এখনও তিনি জেলেই রয়েছেন। এমন একজন প্রতিবাদী সন্ন্যাসীকে ইসকন কীভাবে ‘ডিজ ওন’ করল, সেই প্রশ্ন তুলেছেন শমীক।
বিজেপি রাজ্য সভাপতির মতে, চিন্ময়কৃষ্ণ প্রভুকে দূরে সরিয়ে রাখা মানে চৈতন্য মহাপ্রভুকে ত্যাগ করা। তিনি মনে করিয়ে দেন, চৈতন্য মহাপ্রভুও কাজির ফরমানের বিরুদ্ধে অহিংস আন্দোলন করেছিলেন। ধর্মান্ধতা, আগ্রাসন, নিরাপরাধ মানুষকে হত্যা ও নারীর সম্ভ্রম লুন্ঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সন্ন্যাসীকে বর্জন করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মনে করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীক ভট্টাচার্য তাঁর ক্ষোভের কথা পুনর্ব্যক্ত করেন।
যদিও এই প্রসঙ্গে বিজেপির অপর নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি ইসকনের অভ্যন্তরীণ বিষয় এবং তাঁর এ বিষয়ে বিশেষ জানা নেই। তবে তিনি চিন্ময় প্রভুর আন্দোলন এবং সরকারের দমনমূলক ব্যবস্থার কথা স্বীকার করেছেন।









