শ্রীকৃষ্ণের এই বিশেষ রূপের রহস্য জানেন? কেন তাঁকে বলা হয় ‘ত্রিভঙ্গমুরারি’? লুকিয়ে গভীর তাৎপর্য!

জানুন কেন শ্রীকৃষ্ণকে ‘ত্রিভঙ্গমুরারি’ বলা হয়। এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য এবং জীবনদর্শনের ইঙ্গিত।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : শ্রীকৃষ্ণের এক বিশেষ পরিচিতি হল ‘ত্রিভঙ্গমুরারি’ বা ‘ত্রিভঙ্গমূর্তি’। কিন্তু কেন এই নামকরণ? এর পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য।

‘ত্রিভঙ্গ’ শব্দের অর্থ তিনটি বাঁক বা ভাজ, আর ‘মুরারি’ মানে যিনি মুর নামক অসুরকে বধ করেছিলেন। যখন শ্রীকৃষ্ণ বাঁশি হাতে নিয়ে এক বিশেষ ভঙ্গিমায় দাঁড়ান, তখন তাঁর শরীর— ঘাড়, কোমর এবং হাঁটু— তিনটি জায়গায় সামান্য বাঁকানো থাকে। এই ত্রিভঙ্গ ভঙ্গিমার জন্যই তাঁকে এই নামে ডাকা হয়। শিল্পকলা ও শাস্ত্রীয় নৃত্যেও এই ভঙ্গিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পুরাণ, যেমন ভগবৎ পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণের এই ত্রিভঙ্গ রূপের উল্লেখ পাওয়া যায়। ব্রহ্মবৈবর্ত পুরাণে তাঁর দিব্য রূপের বর্ণনায় এই মুদ্রার মাহাত্ম্য বিশেষভাবে বলা হয়েছে।

কথিত আছে, বৃন্দাবনের কদমতলায় বাঁশি বাজানোর সময় কৃষ্ণ এই ত্রিভঙ্গ ছন্দে দাঁড়িয়েই বিশ্বকে মোহিত করতেন। সাধারণ মানুষ বা দেবতারা এভাবে শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেন না, এটি কেবল পরম ব্রহ্মের পক্ষেই সম্ভব বলে মনে করা হয়।

পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী, কৃষ্ণের এই ত্রিভঙ্গ রূপের মধ্যে লুকিয়ে আছে গভীর জীবনদর্শন। ঘাড়ের বাঁক অহংকার ও মনকে নমনীয় করার প্রতীক। কোমরের বাঁক জাগতিক প্রলোভনের মাঝেও কেন্দ্রে স্থির থাকার ইঙ্গিত দেয়। আর পায়ের বাঁক কর্ম ও ভক্তির মেলবন্ধন বোঝায়। ভাগবত পুরাণ অনুসারে, এই তিন বাঁক আসলে মানুষের কাম, ক্রোধ ও লোভ— যা ঈশ্বরের বাঁশির সুরে বশীভূত হয়ে তাঁর দিকে ধাবিত হয়। এই রূপের দর্শন ভক্তের অহংকার ও মনোকামনা দূর করে মুক্তির বার্তা দেয়।