ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: আন্তর্জাতিক ওষুধের বাজারে ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা USFDA-র পরিদর্শনের মুখে পড়ল ভারতের অন্যতম ওষুধ প্রস্তুতকারী সংস্থা জাইডাস লাইফসায়েন্সেসের ব্রিটেনের সহযোগী সংস্থা LiqMeds। ৫ দিনের পরিদর্শন শেষে কারখানাটিতে মোট ৪টি পর্যবেক্ষণ (Form 483 Observations) জানিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা।
সংস্থার তরফে জানানো হয়েছে, ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত ব্রিটেনের LiqMeds উৎপাদন কেন্দ্রে এই পরিদর্শন চালানো হয়। পরিদর্শন শেষে USFDA চারটি পর্যবেক্ষণ নথিভুক্ত করেছে। তবে ঠিক কী ধরনের ত্রুটি বা নিয়ম মেনে চলার ক্ষেত্রে কোথায় ঘাটতি পাওয়া গিয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি সংস্থা।
জাইডাস লাইফসায়েন্সেস জানিয়েছে, বিষয়টি দ্রুত সমাধানের জন্য USFDA-র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে তারা। সমস্ত পর্যবেক্ষণের যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপও নেওয়া হবে।
উল্লেখ্য, USFDA-র Form 483 পর্যবেক্ষণ মানেই সরাসরি উৎপাদন বন্ধ বা নিষেধাজ্ঞা নয়। বরং পরিদর্শনে উঠে আসা বিষয়গুলির জবাব ও সংশোধন চায় নিয়ন্ত্রক সংস্থা। ফলে এখন নজর জাইডাসের পরবর্তী পদক্ষেপ এবং মার্কিন নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়নের দিকে।









