ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: একদিকে ২০৪৭ সালের মধ্যে লৌহ আকরিকের চাহিদা পৌঁছতে পারে ৭৭২ মিলিয়ন টনে, অন্যদিকে দেশের খনিজসমৃদ্ধ রাজ্যগুলিতেই অব্যবহৃত পড়ে রয়েছে বিপুল খনন ক্ষমতা! ভারতের শিল্পোন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা ঘিরে এবার বড়সড় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ওড়িশায় প্রায় ৪০ শতাংশ অনুমোদিত খনন ক্ষমতা এখনও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
ভারতের বৃহত্তম লৌহ আকরিকের ভাণ্ডার রয়েছে ওড়িশায়। অথচ ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যটির উৎপাদন ছিল প্রায় ১৫৮ মিলিয়ন টন, যেখানে পরিবেশগত ছাড়পত্র পাওয়া বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ২৭৮ মিলিয়ন টন। অর্থাৎ, অনুমোদিত ক্ষমতার তুলনায় উৎপাদন অনেকটাই কম। ছত্তিশগড় ও কর্নাটকেও খনন ক্ষমতার যথাক্রমে প্রায় ৬২ শতাংশ ও ৮০ শতাংশ ব্যবহার হচ্ছে।
এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা বনাঞ্চলের ছাড়পত্র। ওড়িশা হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, খনি চালু হতে দেরির কারণে রাজ্যটির বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে।
বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও আলোচনা হয়েছে। ৪ নভেম্বরের নির্দেশে শীর্ষ আদালত খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহারের প্রয়োজনীয়তা স্বীকার করলেও খনির অধিকার রাষ্ট্রায়ত্ত সংস্থা NMDC-কে বাধ্যতামূলকভাবে হস্তান্তরের সিদ্ধান্ত রাজ্য সরকারের বিবেচনার উপর ছেড়ে দিয়েছে।
সব মিলিয়ে, ২০৪৭ সালের শিল্পোন্নয়নের স্বপ্ন পূরণে শুধু খনিজ সম্পদ থাকলেই চলবে না, প্রয়োজন দ্রুত ও কার্যকর খনি পরিচালনা।









