ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: ফের বাড়ল CNG-র দাম! জ্বালানির খরচে নতুন ধাক্কা খেলেন মুম্বইয়ের গাড়িচালক থেকে শুরু করে অটো ও ট্যাক্সিচালকরা। মহানগর গ্যাস লিমিটেড (MGL) CNG-র দাম কেজিপ্রতি ১.৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রবিবার, ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন দাম। ফলে মুম্বইয়ে প্রতি কেজি CNG-র দাম বেড়ে দাঁড়িয়েছে ৯১.৫০ টাকা।
চলতি বছরের মে মাস থেকে দফায় দফায় দাম বৃদ্ধির ফলে ইতিমধ্যেই বিপাকে সাধারণ মানুষ। ১৪ মে-র পর থেকে ছয় দফায় মোট ৯.৫০ টাকা বেড়েছে CNG-র দাম। শুধু নভেম্বরেই দ্বিতীয়বার মূল্যবৃদ্ধির পথে হাঁটল সংস্থা। বছরের শুরুতে যেখানে প্রতি কেজি CNG-র দাম ছিল ৮০.৫০ টাকা, সেখানে এখন তা ৯১.৫০ টাকা।
কেন এই মূল্যবৃদ্ধি? MGL-এর দাবি, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি, দেশীয় প্রাকৃতিক গ্যাসের বরাদ্দ কমে যাওয়া এবং বেশি দামে আমদানি করা গ্যাসের উপর নির্ভরতা বৃদ্ধির কারণে গ্যাস সংগ্রহের খরচ অনেকটাই বেড়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত আমদানি করা RLNG-র দাম সংস্থার উপর বাড়তি চাপ তৈরি করছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন অটো, ট্যাক্সি ও CNG চালিত ব্যক্তিগত গাড়ির মালিকরা। পরিবহণ খরচ বৃদ্ধির প্রভাব শেষ পর্যন্ত যাত্রীদের পকেটেও পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।









