কলকাতায় না এসেও ভক্তদের মন জয়! ভার্চুয়ালি যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বার্তা মাইকনের

কলকাতায় আসতে না পারলেও ভার্চুয়ালি যোগ দিয়ে মন জয় করলেন ব্রাজিলের প্রাক্তন তারকা মাইকন। তরুণ ফুটবলারদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা, জানালেন 'মিশন ২০৩৭' এর লক্ষ্য।

Share:

ব্যুরো নিউজ, ১৫ নভেম্বর ২০২৬: পারিবারিক জরুরি অবস্থার কারণে শেষ মুহূর্তে কলকাতায় আসতে পারেননি ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার মাইকন। তবে তিনি হতাশ করেননি। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে কলকাতার মানুষের মন জয় করে নিলেন এই প্রাক্তন ডিফেন্ডার। শহরে আসতে না পারার জন্য দুঃখপ্রকাশ করে দ্রুত কলকাতায় আসার আশ্বাস দিয়েছেন তিনি। তরুণ ফুটবলারদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন মাইকন।

তাঁর মতে, সফল ফুটবলার হতে গেলে ফুটবলের পাশাপাশি পড়াশোনার জ্ঞানও অর্জন করা জরুরি। কারণ শিক্ষা ও স্বপ্নের উপর বিশ্বাস রাখা সাফল্যের চাবিকাঠি। কিং স্পোর্টস ম্যানেজমেন্টের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন তিনি। কিং স্পোর্টস ম্যানেজমেন্টের বড় পরিকল্পনা হল ‘মিশন ২০৩৭’। এর লক্ষ্য, এমন ভারতীয় ফুটবলার তৈরি করা যাঁরা ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলতে পারবেন। তরুণ প্রতিভাদের উন্নত প্রশিক্ষণ, সঠিক সুযোগ ও নিয়মিত উন্নতির দিকে নজর রাখার পরিকল্পনা রয়েছে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকেও ফুটবলার খুঁজে বের করবে এই সংস্থা।

ব্রাজিলের ফুটবলের ঐতিহ্য ‘জোগো বোনিতো’ প্রসঙ্গে মাইকন বলেন, সময়ের সঙ্গে ফুটবলের ধরন বদলেছে, এখন ‘টাচ ফুটবল’-এর দিকে ঝোঁক বাড়ছে। নিজের কেরিয়ারে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে তিনি লিওনেল মেসির নাম উল্লেখ করেন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় অ্যাকাডেমি ও ছোট জায়গার প্রতিভাবান তরুণরা আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর সুযোগ পাবে।