ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: হাওড়ার জগৎবল্লভপুরে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় দাদাগিরি, মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্য এবং প্রতিবাদ করায় এক ব্যক্তিকে রড দিয়ে মাথায় আঘাত করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোবিন্দপুর শিবতলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দিব্যেন্দু আদক ও তার ভাই শুভেন্দু আদককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রসেনজিৎ জেটি নামে এক ব্যক্তির বাড়ির পাশের মাঠে দিব্যেন্দু আদক তার বন্ধুবান্ধব ও ভাই শুভেন্দুকে নিয়ে মদ্যপান করছিলেন। অভিযোগ, সেই সময় এলাকার কয়েকজন মহিলাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল। বিষয়টি সহ্য করতে না পেরে প্রসেনজিৎ প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই দিব্যেন্দু রড দিয়ে প্রসেনজিতের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, যেখানে তার মাথায় একাধিক সেলাই পড়েছে। এই ঘটনার পর প্রসেনজিতের পরিবারের তরফে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দিব্যেন্দু ও শুভেন্দুকে আটক করে এবং পরে তাদের গ্রেফতার করে হাওড়া আদালতে পেশ করে।
আহত প্রসেনজিৎ জেটি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিভিক হয়ে যদি এই কাজ করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমি এর কঠোর শাস্তি চাই।” তার স্ত্রী চম্পা জেটিও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিব্যেন্দু দীর্ঘদিন ধরেই সিভিক পুলিশের পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে।









