সমবায় ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে উদ্যোগী সহকার ভারতী, মমতার হস্তক্ষেপের আর্জি

রাজ্যের সমবায় ব্যবস্থায় স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে সরব সহকার ভারতী। গত ১৫ বছরের অনিয়মের নিরপেক্ষ তদন্ত ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল সংগঠন।

Share:

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: পশ্চিমবঙ্গের সমবায় ব্যবস্থায় স্বচ্ছতা, প্রশাসনিক সংস্কার এবং আর্থিক জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সরব হয়েছে সহকার ভারতী। সংগঠনের পক্ষ থেকে রাজ্যের শীর্ষস্থানীয় সমবায় প্রতিষ্ঠানগুলির গত ১৫ বছরের কার্যকলাপের উপর নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে।

সহকার ভারতীর অভিযোগ, গত প্রায় ১৫ বছর ধরে রাজ্যের বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের পরিচালন ও প্রশাসনিক ব্যবস্থায় একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব রয়েছে। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং আর্থিক অনিয়মের একাধিক অভিযোগও সামনে এসেছে। সংগঠনের দাবি, এই সমস্ত অভিযোগের যথাযথ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা প্রয়োজন। সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি পেশ করা হয়েছে। প্রথমত, রাজ্যের শীর্ষস্থানীয় সমবায় প্রতিষ্ঠান-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলির গত ১৫ বছরের আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং পরিচালন ব্যবস্থার উপর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। দ্বিতীয়ত, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদ ও দায়িত্ব থেকে সরিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। চতুর্থত, সমবায় প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত অডিট, গণতান্ত্রিক নির্বাচন, সদস্যদের অংশগ্রহণ এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর সংস্কার আনতে হবে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করে সহকার ভারতী।

সংগঠনের আশা, মুখ্যমন্ত্রী বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে সমবায় ব্যবস্থাকে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং গোষ্ঠীস্বার্থের প্রভাব থেকে মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। সহকার ভারতী জানিয়েছে, তারা কোনও ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপের পক্ষে নয়। বরং নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সমবায়ের প্রকৃত আদর্শ পুনঃপ্রতিষ্ঠাই তাদের উদ্দেশ্য। রাজ্য সরকার চাইলে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নীতিগত সুপারিশের মাধ্যমে সহযোগিতা করতেও প্রস্তুত সহকার ভারতী।