সংবাদমাধ্যমের স্বাধীনতা বাঁচাতে রাস্তায় ৪ লক্ষ মানুষ! উত্তাল প্রাগ

চেক প্রজাতন্ত্রে গণমাধ্যমের অর্থায়ন পদ্ধতি পরিবর্তনের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সমালোচকদের আশঙ্কা, এতে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে।

Share:

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজপথে নেমে এলেন লক্ষ লক্ষ মানুষ! চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সরকারের প্রস্তাবিত নতুন অর্থায়ন নীতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন হাজার হাজার মানুষ। আয়োজকদের দাবি, রবিবারের এই প্রতিবাদ কর্মসূচিতে প্রায় ৪ লক্ষ মানুষ অংশ নিয়েছেন। তাঁদের আশঙ্কা, সরকারি বাজেট থেকে সংবাদমাধ্যমের খরচ চালানোর ব্যবস্থা চালু হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে পারে রাজনৈতিক মহল।

বর্তমানে চেক প্রজাতন্ত্রের পরিবারগুলিকে সরকারি টেলিভিশন ও রেডিও পরিষেবার জন্য মাসে ২০৫ ক্রাউন বা প্রায় ৯.৪৪ ডলার লাইসেন্স ফি দিতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশের নেতৃত্বাধীন জোট সরকার এই লাইসেন্স ফি ব্যবস্থা তুলে দিয়ে রাষ্ট্রীয় বাজেট থেকে সরকারি সম্প্রচারমাধ্যমের খরচ বহনের পরিকল্পনা করেছে।

সরকারের দাবি, পুরনো অর্থায়ন ব্যবস্থা সময়ের সঙ্গে অচল হয়ে পড়েছে। নতুন ব্যবস্থায় সংবাদমাধ্যমের সম্পাদকীয় স্বাধীনতায় কোনও হস্তক্ষেপ করা হবে না। বরং সম্প্রচার সংস্থাগুলিকে খরচ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কিন্তু বিরোধীদের আশঙ্কা, সরকারের হাতে অর্থের নিয়ন্ত্রণ চলে গেলে সংবাদমাধ্যমের উপর রাজনৈতিক চাপ বাড়তে পারে। সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করা সংগঠনগুলিও এই প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রস্তাব কার্যকর হলে চেক টিভি ও চেক রেডিওর অর্থায়ন প্রায় ১৫ শতাংশ কমতে পারে। ইতিমধ্যেই সংসদে প্রস্তাবটির প্রাথমিক খসড়া পাস হয়েছে।

উল্লেখ্য, ফ্রান্স ও নরওয়ের মতো কয়েকটি ইউরোপীয় দেশও ইতিমধ্যে লাইসেন্স ফি ব্যবস্থা তুলে দিয়েছে। তবে চেক প্রজাতন্ত্রে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সরকারের বিরুদ্ধে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলে আন্দোলন আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন প্রতিবাদীরা।