ব্যুরো নিউজ,১৮ই নভেম্বর ২০২৬ : ফুটবল বিশ্বে এখন একটাই আলোচনা: ২০৩০ বিশ্বকাপ আমেরিকায় কে সম্প্রচার করবে? এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল সম্প্রচার স্বত্বের লড়াই। এটি কেবল সাধারণ টিভি চুক্তি নয়, বরং ভবিষ্যতে লাইভ স্পোর্টস কার হাতে থাকবে তার প্রতিযোগিতা। ফিফা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ২০৩০ বিশ্বকাপের মিডিয়া রাইটসের নিলাম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। বিড জমার শেষ তারিখ ১৯ নভেম্বর, আর বছরের শেষের আগেই বিজয়ী ঘোষণা হতে পারে।
এই স্বত্বের মূল্য কত হতে পারে? বিশেষজ্ঞদের ধারণা, ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার। বিশ্বকাপের ইতিহাসে এত বড় চুক্তি আগে হয়নি। কোনো কোনো প্রতিবেদন বলছে, এর মূল্য ৪ বিলিয়ন ডলার পর্যন্তও যেতে পারে। আগে ফক্স স্পোর্টসের চুক্তির তুলনায় এবার দাম আকাশ ছোঁবে, কারণ এবার টাকার পাহাড়ের মালিক টেক জায়ান্টরা মাঠে নেমেছে।
একদিকে আছে পুরনো খেলোয়াড়, ঐতিহ্যবাহী সম্প্রচার সংস্থা ফক্স স্পোর্টস, ফক্স ডিজনি-১ ইএসপিএন, এনবিসি-১ টেলিমুন্ডো। অন্যদিকে আছে নতুন যুগের দানবরা, নেটফ্লিক্স, অ্যামাজন, ইউটিউব, অ্যাপল টিভি আর DAZN। মানে, টিভি বনাম স্ট্রিমিং, পুরনো সাম্রাজ্য বনাম নতুন সাম্রাজ্য। এই লড়াইয়ে যে জিতবে, সে শুধু বিশ্বকাপ দেখাবে না, সে আগামী ১০ বছরের স্পোর্টস দেখার ধরনটাই বদলে দেবে।
তবে এই মহাযুদ্ধে সবচেয়ে আলোচিত নাম নেটফ্লিক্স। একাধিক সূত্রের দাবি, স্বত্ব পেতে তারা **‘যেকোনো মূল্যে প্রস্তুত’**। যে প্রতিষ্ঠানকে এতদিন সিনেমা-সিরিজের জন্য চিনতাম, এখন তারা ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ দখল করতে চায়। বিশ্লেষকরা বলছেন, এই আগ্রাসী মনোভাব প্রমাণ করে, লাইভ স্পোর্টস আর শুধু টিভি চ্যানেলের একচেটিয়া সম্পদ নয়; এটি এখন স্ট্রিমিং যুদ্ধের প্রধান অস্ত্র।
২০৩০ বিশ্বকাপ শুধু মাঠে নয়, মাঠের বাইরেও জমে উঠেছে। প্রশ্ন একটাই, শেষ হাসিটা কে হাসবে? ফক্স-এর অভিজ্ঞতা, নাকি নেটফ্লিক্স-এর টাকার জোর?









