ব্যুরো নিউজ,১৮ই নভেম্বর ২০২৬ : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার জাঙ্গালপোরা গ্রামে বুধবার যা ঘটল, তা শুধু একটা এনকাউন্টার ছিল না, ছিল মানবিকতা আর বীরত্বের এক অবিশ্বাস্য কাহিনি। একদিকে মসজিদের ভেতরে লুকিয়ে ছিল লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার মহম্মদ লতিফ ভাট, যার মাথার দাম ১৫ লক্ষ টাকা, যে একবার সেনার ঘেরাটোপ ভেঙে পালিয়েও গিয়েছিল। আর অন্যদিকে, তার আস্তানার ঠিক পাশেই, দারুল উলুম মাদ্রাসার ভেতরে আটকে ছিলেন ২৫ জন নিষ্পাপ ছাত্রী আর ২ জন শিক্ষক। একটু ভুল হলেই ঘটে যেতে পারত ভয়াবহ বিপর্যয়। কিন্তু ভারতীয় সেনা প্রমাণ করে দিল, তাদের কাছে আগে মানুষের প্রাণ, তারপর জঙ্গি দমন।
খবর পেতেই ৯ রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ এলাকা ঘিরে ফেলে। গুলি চালানোর আগেই এক সাহসী সেনা অফিসার প্রাণের ঝুঁকি নিয়ে সঙ্গীসহ মাদ্রাসায় ঢোকেন। চারদিকে তীব্র উত্তেজনা, যেকোনো সময় জঙ্গির গুলি আসতে পারে, তবু বিচলিত না হয়ে তাঁরা ২৫ জন ছাত্রী ও ২ জন শিক্ষককে একে একে নিরাপদে বের করে আনেন। বাইরে দাঁড়ানো সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
সাধারণ নাগরিকরা নিরাপদ স্থানে সরে যাওয়ার পরই চূড়ান্ত অভিযান শুরু হয়। সেনারা মসজিদের কোনো ক্ষতি না করে সতর্কভাবে অভিযান চালান। প্রথমে টিয়ার গ্যাস ছুড়ে লতিফ ভাটকে মসজিদ থেকে বের করা হয়। এরপরই তুমুল লড়াই হয় এবং কুখ্যাত এই জঙ্গি কমান্ডার নিহত হয়। দক্ষিণ কাশ্মীরে বড় কোনো নাশকতার আগেই ভারতীয় সেনা তার পরিকল্পনা ভেস্তে দেয়।
এই সফল অভিযানের পর দক্ষিণ কাশ্মীরে সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা। তিনি নিজে এই বীরত্বকে কুর্নিশ জানান। কুলগামের এই ঘটনা আবারও প্রমাণ করল, ভারতীয় সেনাবাহিনী শত্রুর কাছে আতঙ্ক আর সাধারণ মানুষের কাছে ভরসার প্রতীক।









