ব্যুরো নিউজ,১৮ই নভেম্বর ২০২৬ : আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মায়ানমারকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করলে তার প্রভাব শুধু মায়ানমারে সীমাবদ্ধ থাকবে না, বিশ্বের বিচারব্যবস্থাতেও আলোড়ন তুলবে। এমন আশঙ্কা জোরালো হচ্ছে যে, রায় ঘোষণার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র মামলার বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এই উদ্বেগের কেন্দ্রে রয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইয়ের মতো মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত বিশ্ববরেণ্য ব্যক্তিত্বরাও। এতে আন্তর্জাতিক কূটনীতি ও আইনের জগতে জটিলতা তৈরি হয়েছে, যেখানে ন্যায়বিচার, ক্ষমতা ও ভূ-রাজনীতি মুখোমুখি দাঁড়িয়েছে।
বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করেছে একটি ঐতিহাসিক সত্য। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে আগে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে অভিযুক্ত করেনি। সুতরাং মায়ানমারের বিরুদ্ধে এমন রায় এলে তা হবে ইতিহাসে প্রথম, এক যুগান্তকারী ঘটনা। আইনজীবীরা স্পষ্টভাবে বলছেন, ২০১৬ ও ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর মায়ানমার সেনাবাহিনীর বর্বর হামলা, যেখানে গ্রাম জ্বালানো, নারী-শিশুসহ নিরীহদের হত্যা এবং পলায়নরত মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল, তা বিচ্ছিন্ন সহিংসতা ছিল না। বরং তা ছিল একটি জাতিগত গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার সুপরিকল্পিত উদ্দেশ্যের প্রকট প্রমাণ, আর এই উদ্দেশ্যই গণহত্যার আইনি সংজ্ঞার মূল ভিত্তি।
কিন্তু এই রায়ের পরিণতি নিয়ে বিচারকরা নিজেরাই উদ্বিগ্ন বলে জানা গেছে। সূত্রের খবর, তারা ইতিমধ্যে মার্কিন নিষেধাজ্ঞা থেকে নিজেদের সম্পদ রক্ষার উপায় খুঁজছেন, যা আন্তর্জাতিক বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য বিপজ্জনক ইঙ্গিত। ওয়াশিংটনের আশঙ্কা, এই মামলায় গণহত্যার সংজ্ঞা শিথিল বা প্রসারিত হলে ভবিষ্যতের আন্তর্জাতিক মামলায় সুদূরপ্রসারী প্রভাব পড়বে, যা তাদের ভূ-রাজনৈতিক স্বার্থের পরিপন্থী হতে পারে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ প্রভাবশালী থিঙ্কট্যাঙ্ক ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস’ও প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। ফলে এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের পাশাপাশি বিশ্বের সামনে প্রশ্ন তুলছে, আন্তর্জাতিক বিচার ব্যবস্থা কি স্বাধীনভাবে কাজ করতে পারবে, নাকি বড় শক্তির চাপে নতিস্বীকার করতে হবে?









