ব্যুরো নিউজ, ২২শে নভেম্বর ২০২৬ : ভারতীয় নাগরিককে বিয়ে করলেই ভারতে থাকার অধিকার মেলে না — দিল্লি হাইকোর্টের স্পষ্ট রায়। ই-ট্যুরিস্ট ভিসা থেকে স্পাউস ভিসায় রূপান্তরের আবেদন নিয়ে আদালতে আসা এক মার্কিন নারীর আবেদন খারিজ করে বিচারপতি অমিত মহাজন জানান, বিদেশি নাগরিকের ভারতে প্রবেশ ও বসবাস জন্মগত অধিকার নয়; এটি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ও কর্তৃপক্ষের বিবেচনাধীন বিষয়, যা রাষ্ট্রের বিরুদ্ধে জোর করে দাবি করা যায় না।
আদালতের আদেশে আরও বলা হয়েছে, শুধু ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন বলেই তাঁর বর্তমান ভিসা স্বয়ংক্রিয়ভাবে ‘এন্ট্রি (এক্স-১) ভিসা’য় বদলে যাবে, এমন কোনও অধিকার তৈরি হয় না। ভিসা দেওয়া হবে কি হবে না, তা ঠিক করবে কর্তৃপক্ষই। আদালত সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না।
ওই মার্কিন নারী আদালতকে জানিয়েছিলেন, তিনি এক ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন। প্রয়োজনীয় নথি-সহ ই-ট্যুরিস্ট ভিসা স্পাউস ভিসায় বদলের আবেদনও করেছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, কর্তৃপক্ষ আবেদনটি ইতিবাচকভাবে প্রক্রিয়া করেনি। উল্টে বয়সের ব্যবধান নিয়ে বারবার প্রশ্ন তুলে তাঁকে হয়রানি করা হয়েছে। ভারতে তাঁর অবস্থান নিশ্চিত করার জন্য আদালতের কাছে নির্দেশও চেয়েছিলেন তিনি।
তবে সরকারি কর্তৃপক্ষের বক্তব্য ছিল একেবারেই অন্যরকম। তারা আদালতে জানায়, যাচাইয়ের সময় শুধু বয়সের পার্থক্যই দেখা হয়নি, দেখা হয়েছে তাঁর পুরো আগের অভিবাসন-ইতিহাসও। আর সেই ইতিহাসেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী আগে এক ওসিআই কার্ডধারীকে বিয়ে করে ওসিআই মর্যাদা পেয়েছিলেন। ২০২১ সালের জুলাইয়ে সেই বিয়ে ভেঙে যায় বিবাহবিচ্ছেদের মাধ্যমে। এরপর ২০২৩ সালের নভেম্বরে তাঁর ওসিআই মর্যাদাও বাতিল হয়ে যায়। ২০২২ সালে করা পরের বিয়ের ভিত্তিতে তিনি ভিসা বদল ও মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন, কিন্তু প্রয়োজনীয় নথির ঘাটতির কারণে তা মঞ্জুর হয়নি। সেই দ্বিতীয় বিয়েরও ইতি ঘটে ২০২৫ সালের নভেম্বরে।









