ব্যুরো নিউজ, ২২ নভেম্বর ২০২৬: বিদেশি বিনিয়োগ টানতে গিয়ে কি দেশের শেয়ারবাজারের স্বচ্ছতাই বিপন্ন হতে চলেছে? ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI-র নতুন প্রস্তাব ঘিরে এবার তীব্র আপত্তি জানাল কংগ্রেস। তাদের অভিযোগ, এই প্রস্তাব কার্যকর হলে জটিল ও অস্বচ্ছ মালিকানার কাঠামোয় পরিচালিত বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভারতীয় বাজারে প্রবেশের পথ আরও সহজ হয়ে যাবে।
সম্প্রতি Foreign Portfolio Investors (FPI)-দের জন্য চালু থাকা অতিরিক্ত তথ্য প্রকাশের নিয়ম পর্যালোচনার প্রস্তাব দিয়েছে SEBI। নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য, এই নিয়ম শিথিল করলে বিদেশি বিনিয়োগকারীদের উপর থেকে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণের বোঝা কমবে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারতের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে।
কিন্তু কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই পদক্ষেপের বিরোধিতা করেছেন। তাঁর দাবি, ২০২৩ সালের অগস্টে চালু হওয়া অতিরিক্ত তথ্য প্রকাশের নিয়মের উদ্দেশ্য ছিল বিদেশি তহবিলের প্রকৃত মালিকানা ও নিয়ন্ত্রণের বিষয়টি সামনে আনা। সেই নিয়ম তুলে দিলে বাজারে অস্বচ্ছ বিনিয়োগের ঝুঁকি বাড়তে পারে।
কংগ্রেসের বক্তব্য, বিদেশি বিনিয়োগ অবশ্যই প্রয়োজন, কিন্তু তার জন্য বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষার সঙ্গে আপস করা যায় না।
উল্লেখ্য, SEBI-র এই প্রস্তাব এখনও চূড়ান্ত নয়। আগামী ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ বিষয়ে জনমত ও পরামর্শ গ্রহণ করবে নিয়ন্ত্রক সংস্থা।









