কিস্তি না দিলেই খেলাপি নন! ব্যাঙ্ক-নির্মাতাকে কড়া ধাক্কা সুপ্রিম কোর্টের

খেলাপি প্রমাণের আগে বাড়ির ক্রেতাদের কিস্তি দিতে বাধ্য করা যাবে না বলে জানাল সুপ্রিম কোর্ট। কৃষ্ণ হাউজিং স্কিম মামলায় দেওয়া নির্দেশের বিস্তারিত পড়ুন।

Share:

ব্যুরো নিউজ, ২২শে নভেম্বর ২০২৬ : বাড়ি কেনার স্বপ্ন দেখে ঋণ নিয়েছিলেন, কিন্তু বাড়িই পেলেন না। তার উপর ব্যাঙ্ক এসে বলছে, কিস্তি দাও, না হলে তুমি খেলাপি! এই অন্যায়ের বিরুদ্ধেই এবার গর্জে উঠল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আগে প্রমাণ করতে হবে ক্রেতা সত্যিই খেলাপি কি না, তার আগে জোর করে এক টাকাও আদায় করা যাবে না।

সোহনা, গুরুগ্রামের বহুচর্চিত ‘কৃষ্ণ হাউজিং স্কিম’ প্রকল্পের ক্রেতাদের করা এক রিট মামলায় এই যুগান্তকারী নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। প্রকল্পটির নির্মাতা রাহেজা ডেভেলপার্স লিমিটেড। অভিযোগ, বাড়ি তৈরি না হলেও ব্যাঙ্ক আর নির্মাতার যোগসাজশে ঋণের টাকা ছেড়ে দেওয়া হয়েছে, আর তার খেসারত দিতে হচ্ছে নিরীহ ক্রেতাদের।

মামলা চলাকালীনই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিল্লির সাকেত আদালতের বাণিজ্যিক আদালতে ক্রেতাদের বিরুদ্ধে ঋণ আদায়ের মামলা দায়ের করে। সেখানে ক্রেতাদের কিস্তি পরিশোধের অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ কার্যত স্থগিত করে দেয়। শীর্ষ আদালত দেওয়ানি আদালতকে নির্দেশ দিয়েছে, আগে দেখতে হবে ব্যাঙ্ক ও নির্মাতার মধ্যে ঋণ ছাড়ে কোনও যোগসাজশ ছিল কি না, এবং ত্রিপাক্ষিক চুক্তি মেনে ঋণ ছাড়া হয়েছিল কি না।

আদালতের স্পষ্ট বক্তব্য, ক্রেতাদের খেলাপি ঘোষণা না হওয়া পর্যন্ত কিস্তি পরিশোধের অন্তর্বর্তী নির্দেশ দেওয়া যাবে না। এই মামলার ক্রেতা শুধু নন, একই পরিস্থিতির অন্য ক্রেতাদের বিরুদ্ধেও জোরপূর্বক টাকা আদায় করা যাবে না। তবে মূল বিষয়ে আদালত এখনই চূড়ান্ত মত দেয়নি।

২০২৪ সালেও শীর্ষ আদালত দিল্লি-নয়ডার আটকে থাকা আবাসন প্রকল্পের ক্রেতাদের ব্যাঙ্ক, আর্থিক সংস্থা ও নির্মাতার জোরপূর্বক আদায় থেকে রক্ষা করেছিল। তখন চেক বাউন্সের মামলাও স্থগিত রাখা হয়। এনসিআরে নির্মাতা-ব্যাঙ্কের কথিত যোগসাজশে উদ্বেগ জানিয়ে আদালত সিবিআই তদন্তের প্রস্তাব দিতে বলে।