ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : পর্দায় কখনও তিনি ‘ডিস্কো ড্যান্সার’, আবার কখনও সবার প্রিয় ‘মহাগুরু’। সেই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে এবার এক বড় সম্মান দিতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা ও হিন্দি সিনেমায় তাঁর অনবদ্য অবদানের জন্য সাম্মানিক ডিলিট (Doctor of Literature) উপাধি পেতে চলেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হবে। চলচ্চিত্র জগতে মিঠুন চক্রবর্তীর অবদান সুবিদিত। অসংখ্য ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা তাঁর দীর্ঘ কেরিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন।
এবার শিক্ষাজগতের এই বিশেষ স্বীকৃতি তাঁর বর্ণময় যাত্রায় এক নতুন মাত্রা যোগ করল। বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করা থেকে শুরু করে এই সম্মানসূচক উপাধি অর্জন, মিঠুনের সফরটা বরাবরই চমকপ্রদ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এই ৪০তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই এই বিশেষ উপাধি দেওয়া হবে মিঠুন চক্রবর্তীকে।
এই সিদ্ধান্ত হুট করে নেওয়া হয়নি। সমাবর্তনে কাদের সাম্মানিক উপাধি দেওয়া হবে, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির (EC) বৈঠকে বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্মাননা মিঠুন চক্রবর্তীর ভক্তদের মধ্যেও ব্যাপক উৎসাহ তৈরি করেছে।









