ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : শরীরে বিষক্রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও তিনি বিপন্মুক্ত নন এবং ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। যদিও গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি, তবে উন্নতিও হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, রেখা পাত্রের সিটি স্ক্যান করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, তাঁর ফুসফুসে বিষাক্ত লালা রস ও জলীয় অংশ ঢুকে পড়ছে। যেহেতু তিনি এখনও পুরোপুরি সচেতন নন, তাই এই বিষাক্ত লালা ফুসফুসে ঢুকে জটিলতা আরও বাড়াচ্ছে। শ্বাসকষ্টও রয়েছে তাঁর। ফুসফুসের কার্যকারিতা নিয়েও চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, গত শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিবার ও বিজেপি কর্মীদের তৎপরতায় তাঁকে প্রথমে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরও অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাঁকে কলকাতার আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।








