ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : বালুরঘাট থেকে মায়াপুরের মধ্যে সরাসরি সরকারি বাস পরিষেবা চালু হল। দীর্ঘদিনের দাবি মেনে এই পরিষেবা শুরু হওয়ায় উত্তরবঙ্গের মানুষের মধ্যে ব্যাপক খুশির হাওয়া। এর ফলে বালুরঘাট ও তার সংলগ্ন এলাকার যাত্রীরা সরাসরি মায়াপুরে পৌঁছতে পারবেন, যা আগে ট্রেন ও অন্যান্য পরিবহনের মাধ্যমে কিছুটা সময়সাপেক্ষ ছিল।
সোমবার সকালে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন পরিষেবার শুভ সূচনা করা হয়। বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে মায়াপুরগামী NBSTC-র এই বাসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবী বাপি সরকার, ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি সন্দীপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, প্রতিদিন সকাল সাড়ে আটটায় বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ড থেকে মায়াপুরের উদ্দেশ্যে বাস ছাড়বে। যাত্রীরা ওই দিনই সন্ধ্যার মধ্যে মায়াপুরে পৌঁছে যাবেন। একইভাবে, প্রতিদিন সকাল সাতটায় মায়াপুর থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবে সরকারি বাসটি। বালুরঘাট থেকে মায়াপুর পর্যন্ত এই বাসের ভাড়া ধার্য করা হয়েছে ২৬৫ টাকা।
বালুরঘাট থেকে মায়াপুরে প্রচুর মানুষ যাতায়াত করেন। আগে নবদ্বীপ ধাম পর্যন্ত ট্রেন চললেও মায়াপুরে পৌঁছতে কিছুটা বাড়তি সময় লাগত। এখন সরাসরি বাস পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের সময় ও অর্থ দুইই সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপ সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করল।









