রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের গ্রেফতারি, ‘বিচ্যুতি হয়েছে’ বললেন শমীক ভট্টাচার্য

রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "একটা বিচ্যুতি হয়েছে।" দল পিয়ালীর পাশেই আছে।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬ : রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের গ্রেফতারি ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল। সম্প্রতি একটি জুয়ার আসরের লাইভ সম্প্রচার করার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে ‘বিচ্যুতি’ বলে উল্লেখ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, দল পিয়ালী বিশ্বাসের পাশেই রয়েছে।

জানা গিয়েছে, পিয়ালী বিশ্বাস তালপুকুরপাড়া ইন্দ্রা কলোনিতে একটি জুয়ার আসরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভ করেছিলেন। এরপরই জুয়ার আসরের সঙ্গে যুক্ত কয়েকজনের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। পিয়ালীর বিরুদ্ধে মারধর, মাথা ফাটানো, পা ভেঙে দেওয়া এবং তোলাবাজির উদ্দেশ্যে টাকা চাওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে।

তবে আদালতে পুলিশের কাছে অভিযোগের স্বপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় রানাঘাট আদালত তাঁর জামিন মঞ্জুর করে। পিয়ালী বিশ্বাসের গ্রেফতারির পর থেকেই তাঁর পাশে দাঁড়িয়েছে বিজেপি নেতৃত্ব। সাংসদ জগন্নাথ সরকার আগেই ফেসবুকে পোস্ট করে পিয়ালীর প্রতি সমর্থন জানিয়েছিলেন। এবার শমীক ভট্টাচার্যও পুলিশের পদক্ষেপকে ভুল আখ্যা দিয়ে বলেন, “একটা বিচ্যুতি হয়েছে।” তিনি আরও বলেন, পিয়ালী একজন প্রতিবাদী মুখ এবং দল সবরকমভাবে তাঁর পাশে আছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।