ঝাড়খণ্ড থেকে কয়লা পাচারের পথে পুলিশের অভিযান! আটক ২ ট্রাক, গ্রেফতার ৩

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অবৈধ কয়লা পরিবহণের বিরুদ্ধে পুলিশের বড় অভিযান। ঝাড়খণ্ড থেকে আসা দুটি কয়লাবোঝাই ট্রাক আটক, গ্রেফতার ৩ জন। তদন্ত শুরু।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের বড়সড় অভিযানে ফের আটক হল অবৈধ কয়লাবোঝাই দুটি ট্রাক। ঝাড়খণ্ড থেকে মালদার দিকে যাওয়ার পথে পঠিমারি ব্রিজের কাছে এই দুটি ট্রাক আটক করে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে হিতেশ শর্মা ও দীপক রজকের সহযোগিতায় এই বিশেষ অভিযান চালানো হয়। এরপর পঠিমারি ব্রিজ পার হতেই WB 45B 8652 এবং WB 57C 6717 নম্বরের দুটি কয়লাবোঝাই ট্রাককে আটক করা হয়। ধৃতরা হলেন আনোয়ার শেখ, কাশিবুল শেখ এবং সোফিয়ান হোসেন। তাদের বাড়ি হরিহরপাড়া ও আবদুল্লাপুর এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঝাড়খণ্ডের পাকুড় থেকে কয়লা নিয়ে ট্রাক দুটি সামশেরগঞ্জ হয়ে মালদার দিকে যাচ্ছিল। কিন্তু পুলিশের নজর এড়ানো সম্ভব হয়নি।

অবৈধ কয়লা পরিবহণের বিরুদ্ধে সামশেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে একের পর এক অভিযান চলছে, যা ইতিমধ্যেই নজর কেড়েছে। তবে এই ঘটনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। আটক হওয়া কয়লার বৈধ নথিপত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাকুড় থেকে মালদা পর্যন্ত এই অবৈধ পরিবহণের পিছনে আর কারা জড়িত, বা এর নেপথ্যে কোনও বড় চক্র সক্রিয় রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতিতেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।