ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ নম্বর ব্লকের ঐতিহ্যবাহী পঁচেটগড় রাজবাড়ির পাঁচশো বছরের প্রাচীন রাস উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৪ নভেম্বর পূর্ণিমার পুণ্য তিথিতে শুরু হচ্ছে এই ঐতিহ্যবাহী উৎসব। শনিবার অনুষ্ঠিত হবে দধিমঙ্গল উৎসব।
রাস উৎসবকে কেন্দ্র করে বসবে ঐতিহ্যবাহী মেলা, যা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। পঁচেটগড় রাজবাড়ির কুলদেবতা কিশোরায় জিউকে কেন্দ্র করেই এই রাস উৎসবের আয়োজন করা হয়। পাঁচশো বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই উৎসব আজও এলাকার মানুষের কাছে এক বিশেষ আবেগ ও ঐতিহ্যের প্রতীক। উৎসবের অন্যতম আকর্ষণ হলো রাজবাড়ির প্রায় ৪০টি রাধাকৃষ্ণের বিগ্রহ। এই বিগ্রহগুলি সোনার অলঙ্কারে সাজানো হয়। এরপর রাজবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিগ্রহগুলিকে রাসমঞ্চে নিয়ে আসা হয়। সেখানে ধর্মীয় রীতিনীতি মেনে পুজো ও রাস উৎসবের বিভিন্ন পর্ব শুরু হয়।
এই পাঁচশো বছরের প্রাচীন ঐতিহ্যকে ঘিরে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে রাজবাড়ি ও রাসমঞ্চ চত্বর। মেলা উপলক্ষে চলছে আলোকসজ্জা, সাজসজ্জা এবং অন্যান্য প্রস্তুতিও। রাস উৎসব ও মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই দূরদূরান্ত থেকে বহু ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের ভিড় হয়। এবছরও ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ তুঙ্গে। পাঁচশো বছরের ইতিহাস, ধর্মীয় ভাবাবেগ এবং প্রাচীন রাজপরম্পরার মেলবন্ধনে ফের একবার উৎসবমুখর হয়ে উঠতে চলেছে পঁচেটগড় রাজবাড়ি।









