রাজকীয় সাজে কোচবিহারের রাসমেলা! হাতি-ঘোড়ার শোভাযাত্রায় পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজকীয় শোভাযাত্রায় হাতি-ঘোড়ার সঙ্গে পা মেলাবেন তিনি। উৎসবে সেজে উঠেছে শহর।

Share:

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর ২০২৬: রাজ ঐতিহ্য আর আভিজাত্যের মেলবন্ধনে নতুন সাজে সেজে উঠেছে রাজার শহর কোচবিহার। উপলক্ষ ঐতিহ্যবাহী মদনমোহনের রাসমেলা। এই বছর রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবর্তনের জমানায় এই প্রথম রাসমেলাকে ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা ও উদ্দীপনা।

এবারের রাসমেলার অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে রাজ ঐতিহ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। কোচবিহার রাজবাড়ির সামনে থেকে শুরু হতে চলা এই পদযাত্রায় খোদ মুখ্যমন্ত্রী অংশ নেবেন। রাজবাড়ির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেষ হবে মদনমোহন মন্দিরে পৌঁছে। রাজ আমলের ঐতিহ্য, আভিজাত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই বিশেষ পদযাত্রায় থাকছে সুসজ্জিত হাতি ও ঘোড়া।

এই রাজকীয় শোভাযাত্রা কোচবিহারের প্রাচীন গৌরবকে আবার ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই মেলা এক নতুন মাত্রা পাবে। রাসমেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের মেজাজে সেজে উঠেছে গোটা শহর। রঙিন আলোকমালায় ঝলমল করছে সাগরদিঘি চত্বর, মদনমোহন মন্দির এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাঘাট। আলোর কারুকাজে নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে কোচবিহারের ঐতিহাসিক রাজ স্থাপত্যের সৌন্দর্য। স্থানীয় প্রশাসন ও মেলা কমিটি সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে।